সাংসদ মুফতি শহীদুল ইসলামকে জেএমবি নেতা আখ্যায়িত করে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল
ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস--প্রেসিডেন্ট মুফতি শহীদুল ইসলাম এমপিকে জেএমবি নেতা আখ্যায়িত করে ২৪ ঘন্টার মধ্যে তার গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
নড়াইলে বাংলাদেশ যুব মৈত্রী ও ছাত্রমৈত্রী বৃহস্পতিবার এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শহরে মিছিল শেষে রূপগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন, যুব মৈত্রীর জেলা আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব কুশল, ছাত্র মৈত্রী জেলা সভাপতি উৎপল কুমার, জেলা ওয়ার্কার্স পার্টির এ্যাড. নজরুল ইসলাম এবং অশোক কুণ্ডু।
বক্তারা বলেন, নড়াইল--২ সদর আসনের সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলাম আল--মারকাজুল ইসলাম সংস্থার মাধ্যমে দীর্ঘদিন ধরে মসজিদ মাদ্রাসা নির্মাণের নামে বৈদেশিক সাহায্য এনে জঙ্গি প্রশিক্ষণ ও রসদ সংগ্রহে ব্যবহার করছেন।
জেএমবি’র সামরিক কমান্ডার আতাউর রহমান সানি রিমান্ডে থাকাকালে জঙ্গি তৎপরতার সাথে মুফতি শহীদুল ইসলামের সম্পৃক্ততার কথা স্বীকার করার পর এ বিক্ষোভের আয়োজন করা হয়।
