প্রধানমন্ত্রী বৃহস্পতিবার যশোর আসছেন
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার যশোর আসছেন। বর্তমান সরকার গঠিত হওয়ার পর যশোরে এটি তার তৃতীয় সফর।
প্রধানমন্ত্রীর যশোর সফর নিয়ে শহরে ব্যাপক আয়োজন চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসএসএফ, র্যাব এবং পুলিশসহ প্রায় দেড় হাজার নিরাপত্তাকর্মী যশোরে অবস্থান করছে। শহরের প্রতিটি রাস্তায় শোভা পাচ্ছে বিএনপি’র দলীয় পতাকা। এছাড়া যশোরে এ উপলক্ষে নির্মাণ করা হয়েছে ২০টি সুদৃশ্য তোরণ।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বিমানযোগে যশোর পৌঁছবেন। মতিউর ঘাঁটিতে বিমান বাহিনীর শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে তিনি তার যশোর সফরের কর্মসূচি শুরু করবেন। দুপুরে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে নির্মাণাধীন করোনারি কেয়ার ইউনিট’র ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী এরপর উপশহরে শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পরে শহরের শংকরপুরে নির্মিত সরকারি শিশু পরিবার কেন্দ্রের বহুতল ভবনের উদ্বোধন করবেন। এসব কর্মসূচি শেষে তিনি যশোর কেন্দ্রীয় ঈদগাহে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর এ সফরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
