২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি’র সাথে সম্পৃক্ততার সন্দেহে জামাতপন্থি প্রশাসনিক কর্মকর্তাদের ওপর গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে

দেশব্যাপী জেএমবি’র নাশকতামূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ততার সন্দেহে জামাতপন্থি প্রশাসনিক কর্মকর্তাদের ওপর গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি সুত্র মঙ্গলবার এ তথ্য জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

প্রশাসনের সর্বস্তরে জেএমবি আতংকের কারণেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

জেএমবি’র সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত জাতীয় সংসদ সচিবালয়ের নিরাপত্তা কর্মকর্তা বাবুল আনসারীর স্বীকারোক্তি এবং সম্প্রতি বিভিন্ন স্থানে আটক জেএমবি সদস্যদের তথ্যের ভিত্তিতে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে জেএমবিদের সহযোগিতা করার  অভিযোগের সত্যতা পাওয়ার পর গোয়েন্দা সংস্থাগুলো ওই কর্মকর্তাদের উপর সার্বক্ষণিক কড়া নজরদারি শুরু করে।

চিহ্নিত কর্মকর্তাদের টেলিফোনে আড়ি পাতা এবং তাদের গতিবিধির উপরও কড়া নজর রাখা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে সচিবালয়ের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তা জানান, যারা জেএমবি’ কাজকর্মে সহযোগিতা করেছে বা করছে তারা প্রত্যেকেই জামাতপন্থি হিসেবে পরিচিত।

চিহ্নিত ওইসব কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক সচিব, বর্তমান গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পাঁচ সচিব, যুগ্মসচিব পর্যায়ে ৩০ কর্মকর্তা এবং কয়েক জন সাবেক ডিসি (বর্তমানে যারা বিভিন্ন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত)। এছাড়াও কয়েক জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব ও সহকারী একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন এমন কয়েকজন যারা বর্তমানে সচিবালয়ের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত রয়েছে। কেউ কেউ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন বলেও সূত্র নিশ্চিত করেছে। 

প্রশাসনের একাধিক সূত্র জানান, সাম্প্রতিক সময়ে সচিবালয়সহ বিভিন্ন সরকারি অফিসসে গোয়েন্দা সংস্থার লোকজনের  আনাগোনা বেড়েছে।

এদিকে, জামাতের একটি সুত্র জানায়, ঢাকা মহানগরীতে বর্তমানে জামাতের ২০ হাজার রোকন রয়েছে। এর মধ্যে প্রশাসনের ভিতর রোকন পর্যায়ে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারি কাজ করছেন।

স্বাধীনতার পর থেকেই প্রশাসনে অবস্থান নেওয়ার এই প্রক্রিয়া জামায়াত শুরু করলেও বর্তমান জোট সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দীর্ঘ চার বছরে জামায়েত ইসলামী বিভিন্ন পর্যায়ে অবস্থান দৃঢ় করতে থাকে।

২০০১ সাল পর্যন্ত মহানগরী ঢাকাতে তাদের রোকনের সংখ্যা ছিল প্রায় আট হাজার। ক্ষমতা গ্রহনের চার বছরে এই সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।

প্রশাসনে রোকন হিসেবে যারা ইতিমধ্যে খেতাব পেয়েছে ছাত্র জীবনে তারা  জামায়েত ইসলামের অংঙ্গ সংগঠনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন।

সাম্প্রতিক সময়ে সারাদেশে একযোগে বোমা হামলাসহ ঝালকাঠী, গাজীপুর, চট্টগ্রাম এবং নেত্রকোনায় আত্মঘাতি বোমা হামলা ঘটনার পর সরকারের একাধিক মন্ত্রী, এমপি জেএমবি’র সাথে জামাত  এবং প্রশাসনের মদদ রয়েছে বলে প্রকাশ্যেই অভিযোগ আনেন। এর পর থেকেই গোয়েন্দা সংস্থা জড়িতদের চিহ্নিত করার জন্য তৎপর হয়ে ওঠে।