২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট সীমান্তে বিডিআর’র গুলিতে কিশোর নিহত

জয়পুরহাটের পাঁচবিবির উত্তর গোপালপুর সীমান্তে বিডিআর’র গুলিতে সোমবার রানা (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এ নিয়ে বিডিআর ও নিহতের পরিবারের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বিডিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১৯ ডিসেম্বর মধ্যরাতে চারজনের একটি চোরাচালানি দল ভারত থেকে অবৈধভাবে পণ্য সামগ্রী নিয়ে দেশে আসার সময় ২৯ রাইফেলস ব্যাটালিয়ানের কর্তব্যরত বিডিআর আত্মরক্ষার্থে এক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে হাকিমপুর থানার চুড়িপট্টি গ্রামের বাবুলের পুত্র রানা নিহত হয়। বিডিআর ঘটনাস্থল থেকে ৩৭২ বোতল ফেন্সিডিল, ১২০ পিস কসমোসিল্ক ক্রিম ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।

অপরদিকে নিহতের সাথে থাকা দুই কিশোরী নাম প্রকাশ না করার শর্তে জানায়, ভারত থেকে আসার পথে কর্তব্যরত বিডিআর’র নায়েক কাশেম তাদের ওড়না ধরে টানাটানি করলে রানা ও জাইদুল (১৪) প্রতিবাদ করে। এতে বিডিআর সদস্য রানা ও জাইদুলের ওপর চড়াও হয়। এক পর্যায়ে জাইদুল ভারতে পালিয়ে গেলে বিডিআর সদস্য রানার পেটের বাম পাশে এক রাউন্ড গুলি করে ঘটনাস্থল থেকে ২০ গজ দূরে ছোট যমুনা নদীর পূর্ব পাশে ফেলে রাখে।

নিহতের মা আফরোজা বেগম এ অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তিনি আদালতে মামলা করবেন। এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় বিডিআর বাদি হয়ে পাঁচবিবি থানায় মামলা করলে পুলিশ ঘটনাস্থল থেকে রানার লাশ থানায় নিয়ে আসে।