সাংবাদিক গৌতম দাস হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মুক্তিযোদ্ধা-সাংবাদিক সংহতি সমাবেশ
দৈনিক সমকাল প্রত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যার বিচার দাবিতে মঙ্গলবার সকালে ফরিদপুরে মুক্তিযোদ্ধা-সাংবাদিক সংহতি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সাংবাদিক গৌতম দাসের মূল হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
ফরিদপুর প্রেসক্লাব থেকে সকাল সাড়ে দশটায় মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা-সাংবাদিক সংহতি সমাবেশে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবুল ফয়েজ শাহনেওয়াজ, মুন্সী হারুন-অর-রশীদ, দৈনিক সমকালের সহকারী সম্পাদক আবু সাইদ খান, এমএ সালাম লাল, সৈয়দ ইমামুল আজম বাবু, আরিফ ইসলাম এবং নজরুল ইসলাম।
সমাবেশে বক্তারা অবিলম্বে মূল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের জন্য মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে ন্যাস্ত করার দাবি জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসক মো. নাসির উদ্দিন খান তার অফিস থেকে সমাবেশস্থলে উপস্থিত হলে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতারা তার কাছে স্মারকলিপি প্রদান করেন। পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল ফয়েজ স্মারকলিপি গ্রহণ করেন।
