২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ইউএনও এবং ওসি’র মদদে অবৈধভাবে ১২টি ইটভাটা চালু রয়েছে

অনুমতি ছাড়াই যশোরের ১২টি ভাটা ইট তৈরি করছে। এর ফলে একদিকে যেমন পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈধ ভাটার মালিকরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 09:13 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ অঞ্চলের ইটভাটাগুলোতে পরিবেশ মন্ত্রণালয় নির্দেশিত বৈধ চিমনির উচ্চতা হবে কমপক্ষে ১২০ ফুট। কিন্তু অবৈধভাবে চালু রাখা ভাটাগুলোর টিনের অস্থায়ী চিমনির উচ্চতা ২০/৩০ ফুটের বেশি নয়। এ চিমনি তৈরিতে খরচ ১২/১৩ হাজার টাকা। অন্যদিকে স্থায়ী চিমনি তৈরির খরচ ১২/১৪ লাখ টাকা। ফলে বৈধ ভাটার মালিকরা প্রতিযোগিতায় হেরে যাচ্ছেন অবৈধ ভাটার মালিকদের কাছে। অবৈধ চিমনি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ক্ষতি করছে পরিবেশের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর জেলায় মোট ১২২টি ভাটা ইট উৎপাদন করছে। এর মধ্যে ১১০টি ভাটায় সরকার নির্দেশিত স্থায়ী চিমনি রয়েছে। বাকি ১২টি ভাটায় স্থায়ী চিমনি নেই। যশোর জেলা প্রশাসক কয়েক বছর আগে ঐ ১২টি ভাটাকে পাঁচ বছরের জন্য ইট উৎপাদনের অনুমতি দেন। তাদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয় ২০০৪-০৫ অর্থ বছরে। কিন্তু এরপরও উল্লেখিত ভাটা মালিকরা স্থায়ী চিমনি তৈরি করেনি। পরিবেশ মন্ত্রণালয় বা জেলা প্রশাসন কার্যালয় থেকে নতুন করে অনুমতি না নিয়েই তারা ইট উৎপাদন করে যাচ্ছে।

সূত্র জানায়, বর্তমান মৌসুমের শুরুতেই গত ১ নভেম্বর যশোরের জেলা প্রশাসক অবৈধ ভাটাগুলোর ইট উৎপাদন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসিদের কাছে একটি চিঠি পাঠান।

চিঠির অনুলিপি সংশ্লিষ্ট ভাটা মালিকদের কাছেও পাঠানো হয়। কিন্তু এখনও পর্যন্ত জেলা প্রশাসকের এ চিঠির ব্যাপারে কোনো সাড়া পাওয়া যায়নি।

যশোর জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাবু বিডিনিউজকে জানান, অবৈধভাবে ইট প্রস্তুতকারীরা সমিতির সদস্য পদ নবায়ন করেননি ফলে সমিতি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না।

তিনি বলেন, অবৈধ ভাটামালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ভাটা মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।

একটি সূত্র জানায়, অবৈধ ইট প্রস্তুতকারকরা জেলা প্রশাসনের কোনো কোনো কর্মকর্তাকে হাত করার কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।