সরকার জ্বালানি খাতে এ অর্থবছরে ১৫শ’ কোটি টাকা অপচয় হ্রাসের পরিকল্পনা নিয়েছে
সরকার জ্বালানিখাতে চলতি অর্থবছরে ১৫শ’ কোটি টাকা অপচয় হ্রাসের পরিকল্পনা নিয়েছে। এ জন্যে সরকার জ্বালানি ব্যবহার কমানো ও অপচয় রোধের পরিকল্পনা করেছে।
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সোমবার অর্থমন্ত্রী সাইফুর রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আমরা জ্বালানি তেল ব্যবহার কমানোর মাধ্যমে ১৫০ মিলিয়ন ডলার এবং অপচয় রোধের মাধ্যমে পাঁচশ’ কোটি টাকার সমপরিমাণ ক্ষতি কমানো হবে।
মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চলমান ক্ষতি, বিমানের কাছে বকেয়া এবং রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কাছে বিপিসির বকেয়া ঋণ নিয়ে বৈঠকে আলোচনা হয়।
জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, বিমানের কাছে পেট্রোলিয়াম করপোরেশনের নয়শ’ কোটি টাকা পাওনা রয়েছে। অন্যদিকে পেট্রোলিয়াম করপোরেশনের কাছ থেকে অগ্রণী, জনতা এবং সোনালী ব্যাংক ৬ হাজার ৪শ’ কোটি টাকা পাবে।
তিনি বলেন, বিমানের নভেম্বরে ৪০ কোটি এবং ডিসেম্বরে ২২ কোটি টাকা জ্বালানি ব্যয় হলেও বিপিসিকে মোট মাত্র ১২ কোটি টাকা প্রদান করা হয়েছে।
তিনি অর্থমন্ত্রীকে অনুরোধ করেন, বিমানের কাছে বিপিসির যে পাওনা রয়েছে, বাজেটের কোনও একটি খাত থেকে সেই অর্থ বরাদ্দ দেওয়ার জন্যে। তিনি বলেন, এর মাধ্যমে বিপিসি তাদের তাছে সোনালী ব্যাংকের পাওনা চার হাজার কোটি টাকা পরিশোধের প্রক্রিয়া শুরু করতে পারবে।
তিনি আশা প্রকাশ করেন, জ্বালানি মন্ত্রণালয় চলতি বছর বিপিসির ক্ষতি কমিয়ে দুই কোটি টাকায় নিয়ে আসতে পারবে, বিগত বছরে যা ছিল ২ হাজার ৬শ’ কোটি টাকা।
সরকার জ্বালানি খাত থেকে গত বছর ছয় হাজার কোটি টাকা আয় করে। এর মধ্যে গ্যাস খাত থেকে আয় তিন হাজার কোটি টাকা এবং বাকী তিন হাজার কোটি টাকা আয় হয় জ্বালানি তেল খাত থেকে।
