ব্যবসায়ী, শীর্ষ কর্মকর্তাদের জন্যে ভিসা ব্যবস্থা সহজ করতে বিমসটেক মন্ত্রীদের আহ্বান
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে খ্যাতনামা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্যে দীর্ষ মেয়াদী মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করার আহ্বান জানিয়েছে বিমসটেকভুক্ত সদস্য রাষ্ট্রগুলো।
ঢাকায় অনুষ্ঠিত বিমসটেক মন্ত্রী পর্যায়ের অষ্টম বৈঠকে সোমবার সদস্য রাষ্ট্রের মন্ত্রীরা এ আহ্বান জানান।
এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যে তারা সদস্যরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বৈঠকে এ সম্পর্কিত সমস্ত কর্মপন্থা চূড়ান্ত করতে এবং সীমিত সংখ্যক কর্মকর্তা ও অন্যান্যের জন্যে বিমসটেক ভিসা সহজকরণ প্রকল্প চালুর ব্যাপারটি বিবেচনা করার জন্যে বিমসটেক বিজনেস ট্রাভেল কার্ড বিষয়ক বিশেষজ্ঞ গ্র“পের প্রতি সুপারিশ করা হয়।
বৈঠক শেষে শেরাটন হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সাংবাদিকদের বলেন, আমরা বিমসটেক অঞ্চলের ভিসা ব্যবস্থা আরও গতিশীল করতে এবং সর্বোত্তম ব্যবস্থা নিতে আগ্রহী। ভিসা সহজ করার ব্যাপারে এ সংক্রান্ত আনুষঙ্গিক কিছু কাজ রয়েছে। সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা তাদের দেশে ফিরে এ ব্যাপারে কাজ শুরু করবেন বলে তিনি জানান।
বিশেষজ্ঞ গ্র“প ২০০৬ সালের প্রথমদিকে কাঠমান্ডুতে অনুষ্ঠেয় সিনিয়র কর্মকর্তাদের পরবর্তী বৈঠকে ভিসা সংক্রান্ত এ সুপারিশমালা তৈরি করবেন।
তবে বৈঠক সূত্র বিডিনিউজকে জানায়, ভিসা ব্যবস্থা পরিবর্তন করার ব্যাপারে থাইল্যান্ড খুবই সতর্ক।
বৈঠকে রুলস অব অরিজিন, স্পর্শকাতর তালিকা ও বিরোধ মিমাংসা কৌশল এবং পণ্য প্রবেশাধিকার বিষয়গুলো চূড়ান্ত করার ক্ষেত্রে বিমসটেক বাণিজ্য আলোচনা কমিটির (টিএনসি) অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠকে সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এগুলো হচ্ছে, দারিদ্র্য দূরীকরণ, কৃষি, সাংস্কৃতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ ও আন্তদেশীয় অপরাধ মোকাবেলা, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য এবং একের সাথে অন্যের যোগাযোগ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান, পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বিমসটেক/সার্ক) রুহুল আমিন উপস্থিত ছিলেন।
