২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১৪, খুলনা ও দিনাজপুর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

সারাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন সদস্য সন্দেহে গ্রেপ্তার অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থান থেকে পুলিশ ও র‌্যাব রোববার রাত ও সোমবার জঙ্গি সন্দেহে ১৪ জনকে আটক করেছে। এছাড়া দিনাজপুর ও খুলনা থেকে সোমবার বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, পুলিশ সোমবার সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদের সকলকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়।

পুলিশ জানায়, এএসপি (সার্কেল) নুরুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ সোমবার সকালে রংপুর--কুড়িগ্রাম সড়কের চওড়াহাট নামক স্থানে সন্দেহজনক ঘোরাফেরার সময় টেম্পু ও মটরসাইকেল আরোহী চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুর রশিদ (২৮), আবুল কালাম (৩০), আবুল হোসেন (৪০), মাহবুবুর রহমান।

এছাড়া একই দিন সকালে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের কাছে আবু বকর (৩০) নামে এক ফেরিওয়ালাকে পুলিশ জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে ।

বিডিনিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, পুলিশ সোমবার ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চুনিহারী মলানী গ্রাম থেকে ফজলুর রহমান নামে এক জঙ্গিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এর আগে গ্রেপ্তার হওয়া এক জঙ্গি সদস্যের স্বীকারোক্তিতে পুলিশ ফজলুর রহমানকে  গ্রেপ্তার করে।

সে গত ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। ঠাকুরগাঁও থানায় তাকে দিনব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়। 

বিডিনিউজ মৌলভীবাজার প্রতিনিধি জানান, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন থেকে  সোমবার ভোররাতে র‌্যাব সদস্যরা কটারকোনা হাফিজিয়া মাদ্রাসা থেকে এমদাদুল হক(১৬) নামে এক ছাত্রকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে।

এদিকে থানা সূত্রে বলা হয় কোন মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা জানেন না।

বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ সদর থানা পুলিশ সোমবার বিকেলে জেএমবি সন্দেহে দুই জনকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৪ দল আয়োজিত সিরাজগঞ্জ বাজার ষ্টেশন স্কয়ারে আয়োজিত জনসভায় প্রধান অতিাথ হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী ভাষণ দানকালে দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হল, নাটোর জেলার চাঁদপুর লোটাবাড়ীয়া এলাকার মোস্তফা কামালের ছেলে মোঃ ওসমান গনি (২৭) এবং একই জেলার বন বেলঘড়িয়া এলাকার মোঃ ফজল করিমের ছেলে মোঃ শুকুর আলী (২৭)। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, ১৭ আগস্টের সিরিজ বোমা বিস্ফোরণ মামলার আসামী সুমনকে সোমবার পুলিশ নগরীর বর্নালী মোড় থেকে গ্রেপ্তার করে। সে নগরীর মেহেরচন্ডী এলাকার আজিজুল হকের ছেলে।

সুমন বিভিন্ন নামে জেএমবির সাংগঠনিক তৎপরতা পরিচালানো করত বলে সূত্র জানায়। সে ১৭ আগস্ট রাজশাহী মহানগরীতে বোমা বিস্ফোরণ মিশনের সদস্য বলে পুলিশ জানায়। মতিহার থানা পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে সুমনকে আদালতে পাঠিয়েছে।

বিডিনিউজ বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে  তিনজনকে আটক করেছে। ওই উপজেলার খামারকান্দি গ্রামের জাবেদ আলীর ছেলে ইয়াছিন আলী (২৫) ও সোহাগীপাড়ার তোজাম্মেল হকের ছেলে  আব্দুল জোব্বারকে (৩২) জেএমবির সদস্য সন্দেহে আটক করা হয়। এ ছাড়াও রোববার রাতে গাবতলী উপজেলার বাইগুনী গ্রাম থেকে গোলাম রব্বানী (২৮) নামে এক জনকে জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে। সে ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।

বিডিনিউজ হবিগঞ্জ প্রতিনিধি জানান, র‌্যাব সদস্যরা সোমবার জেএমবি সন্দেহে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাংলা বাজারের আবু হানিফা (রাঃ) ইসলামিয়া একাডেমির অধ্যক্ষ্য আব্দুল বাছিতকে আটক করেছে। জিজ্ঞাসাবাদের জন্যে তাকে সিলেট নিয়ে যাওয়া হয়েছে।

বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, খুলনার পাইকগাছা থানা পুলিশ সোমবার উপজেলা সদরের মাহাতাব সড়ক এলাকা থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করে।

পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যমতে পুলিশ মাহাতাব সড়কের কালিদাস সাধুর বাড়ির দেওয়ালের পাশ থেকে প্রায় ১ কেজি ওজনের লাল টেপ ও তার জড়ানো বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে। খবর পেয়ে র‌্যাব- ৬ এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তুটি পরীক্ষা করে এর মধ্যে মাটি ও পরিত্যাক্ত টর্চ লাইটের একটি মাথা পায়।

বিডিনিউজ দিনাজপুর প্রতিনিধি জানান, জেলার চিরিরবন্দর উপজেলা কার্যালয়ের সিড়ি থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়।

সূত্র জানায় রোববার সকালে ঝাড়–দার অফিস কার্যালয় ঝাড়– দেওয়ার সময় লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি দেখতে পায়। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তুটি উদ্ধার করে। পরে পুলিশ বস্তুটি পরীক্ষা করে এর ভেতর স্ক্রু, তার, সাইকেলের বল ও ব্যাটারি পায়। এ ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

এদিকে ১৭ আগস্টের সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় দিনাজপুরে গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে সাতজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বীরগঞ্জ সার্কেল কর্মকর্তা একেএম হাবিবুল জানান, ১৭ আগস্টের বোমা বিস্ফোরণ ঘটনায় কোতায়লী থানায় দায়েরকৃত মামলায় অভিযুক্তদের মধ্যে সাতজনের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এরা হলো সদর উপজেলার খানপুরের নজরুল, রামনগরের আজিজুল, মহবতপুরের তোফাজ্জেল, শিকদারহাটের মকবুল, ক্ষেত্রীপাড়ার আফজাল, ছাতাইল এর আবু রায়হান এবং মীরপুরের রাজু।

এদেরকে অভিযুক্ত করে সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন।