২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবি মনে করে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এশিয়ায় যাতায়াতের কেন্দ্রবিন্দু হবে বাংলাদেশ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ধারনা করছে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের যাতায়াত ব্যবস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বাংলাদেশ। তবে উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সুপরিকল্পিত অবকাঠামো তৈরিকে এর পূর্বশর্ত মনে করছে সংস্থাটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 05:41 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

তবে ক্ষুদ্র ঋণের ব্যাপারে খুব একটা আশাবাদী নন হুয়া ডু। তার মতে, ক্ষুদ্র ঋণ অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পারবে না।

দেশের উত্তর পশ্চিমাঞ্চল সফরের সময় তিনি বলেন, এ পদ্ধতি দরিদ্র লোকজনকে বেঁচে থাকতে সহায়তা করবে। তবে আপনি যদি প্রবৃদ্ধির হার ১৫ শতাংশ পর্যন্ত বাড়াতে চান তাহলে আপনাকে সুপরিকল্পিত অবকাঠামো সম্বলিত একটি প্রবৃদ্ধি কেন্দ্র হিসেবেই গড়ে উঠতে হবে।

এডিবি’র পরিকল্পনার ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এডিবি আগামী দশকে এক বিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেবে।

তিনি আরও বলেন, বেসরকারি খাতে বিনিয়োগের মাধ্যমে তৈরি উন্নত অবকাঠামো সামাজিক কল্যাণের বিভিন্ন কর্মকাণ্ডকে গতিশীল করবে। এর ফলে গ্রামাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও জোরদার হবে বলে তিনি মন্তব্য করেন।

হুয়া ডু বলেন, অবকাঠামো হয়ে উঠবে বাংলাদেশের প্রবৃদ্ধি কেন্দ্রের উল্লেখযোগ্য ক্ষেত্র এবং এটি দেশের পূর্বাঞ্চলের চট্টগ্রাম বন্দর ও পশ্চিমাঞ্চলের বাংলাবান্ধাকে সংযুক্ত করার মাধ্যমে একটি অর্থনৈতিক ক্ষেত্র তৈরি করবে।

তবে সরকারি সংস্থাগুলো পরিচালিত বিভিন্ন প্রকল্পের ধীর গতিতে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থান হওয়ায় বিপুল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

দেশের উত্তরাঞ্চলে দুদিনব্যাপী সফরের অংশ হিসেবে বগুড়ায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের উজ্বল সম্ভাবনা রয়েছে। দক্ষিণ এশিয়ার কেন্দ্রে অবস্থান হওয়ায় আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দেশটি সুবিধা পেতে পারে।    

তিনি বলেন, ভৌগলিক অবস্থানের কারণে নেপাল, ভুটান, ভারত ও মায়ানমারের প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ হবে প্রবেশদ্বার এবং বহির্বাণিজ্যের ক্ষেত্রে এই দেশগুলো ভবিষ্যতে বাংলাদেশের বন্দরগুলো বিশেষ করে বাংলাবান্ধা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করবে।

এডিবি’র সাহায্যপুষ্ট ঢাকা-চট্টগ্রাম করিডোরের কথা উল্লেখ করে হুয়া বলেন, পানি, জ্বালানি, গ্যাস সরবরাহসহ চট্টগ্রাম বন্দর উন্নয়ন প্রকল্প এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প শিল্প খাতের পরিধি বৃদ্ধিতে সহায়তা করবে।

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অবকাঠামোগত অনুন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবহন সিস্টেম এবং গ্যাস ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন।

বাংলাদেশের পশ্চিমাঞ্চলে গ্যাস পাইপলাইন স্থাপনের জন্য এডিবির ২৩০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তার কথা উল্লেখ করে হুয়া বলেন, ওই অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কাজে বেসরকারি খাতে বিনিয়োগ উৎসাহিত করা হবে।

টাটা ও এশিয়া এনার্জি পিএলসি’র বিনিয়োগ প্রস্তাবের উল্লেখ করে হুয়া বলেন, গ্যাস সরবরাহ, মহাসড়ক ও রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির পাশাপাশি পাঁচ বিলিয়ন ডলার এফডিআই বিনিয়োগ ত্বরান্বিত করবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে বাংলাদেশ নিকট ভবিষ্যতে আরও বেশি বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব পাবে।

বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের উত্থান সম্পর্কে তিনি বলেন, এটি একটি আন্তর্জাতিক ঘটনা। তবে রাজনীতিবিদদের ইস্যুটিকে খুব গুরুত্বের সাথে নিতে হবে।

তিনি বলেন, পর্যটন শিল্প, হালকা উৎপাদন ও সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে।

হুয়া বলেন, সরকারের পিআরএসপি বাস্তবায়ন করতে পরবর্তী তিন বছরে এডিবি এক দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার দেবে।

তিনি বলেন, পিআরএসপি বাস্তবায়নের আগে সংস্থাটি এককভাবে বার্ষিক ৩০০ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে-এটি একটি বড় ব্যাপার। অবশ্য বছরে গড়ে এটি ৬০০ মিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়াবে।

হুয়া বলেন, দেশের উন্নয়নের চালিকাশক্তি পিআরএসপি সরকার ও উন্নয়ন অংশীদারির মধ্যে অংশীদারিত্বের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করেছে।

বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল খাত সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, টেক্সটাইল ও অ্যাপারেলের পর ফার্মাসিউটিক্যালস খাতে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের পাট খাতের ভবিষ্যত খুব ভাল।