ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন: জমে উঠেছে প্রচার প্রচারণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা জমে উঠেছে। ২১ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাদা (বিএনপি ও জামাতপন্থী) দল এবং নীল (আওয়ামীপন্থী) ও গোলাপী (বামপন্থী) দলের শিক্ষকরা নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সাদা দলের পক্ষে সভাপতি পদে ইংরেজী বিভাগের অধ্যাপক ড. সদরুল আমিন এবং নীল ও গোলাপী দলের পক্ষে সভাপতি পদে ইতিহাস বিভাগের অধ্যাপক শরীফুল্লাহ ভুঁইয়া মনোনয়ন পেয়েছেন। এছাড়া সাদা দলের সাধারণ সম্পাদক প্রার্থী নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলাম ও নীল দলের প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আখতারুজ্জামান।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রার্থীরা রুমে রুমে গিয়ে শিক্ষকদের সাথে কুশল বিনিময় করছেন। এছাড়াও দু’ প্যানেলের সমর্থক শিক্ষকরা নিজের দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
নির্বাচন পরিচালক অধ্যাপক আহমদ কবীর বলেন, নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পনেরশ। তবে, অনেক শিক্ষক ছুটিতে রয়েছেন। ছুটিতে থাকলেও যদি তারা দেশে থাকেন তবে, ভোট দিতে পারবেন। এ হিসেবে প্রায় চৌদ্দশ ভোটার রয়েছে।
নির্বাচনকে ঘিরে দু’ প্যানেলেরই নির্বাচনী ইশতেহার তৈরির প্রস্তুতি চলছে।
