নিুমানের সিএনজি সিলিন্ডার ব্যবহার বন্ধে সরকারি হস্তক্ষেপ কামনা
নিম্নমানের সিএনজি সিলিন্ডারের ব্যবহার বন্ধে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ অ্যাসোসিয়েশন।
রাজধানীর একটি হোটেলে রোববার আয়োজিত সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, গাড়ি মালিকরা সচেতন হলে কারো পক্ষে নিম্নমানের সিলিন্ডার কিংবা সিএনজি’র নামে এলপিজি, অক্সিজেন ও এসিটিলিন সিলিন্ডার লাগিয়ে দেওয়া সম্ভব হবে না।
অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ জানান, অক্সিজেন ও এলপিজি সিলিন্ডার ব্যবহারের কারণে সম্প্রতি কয়েকটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এটি অব্যাহত থাকলে মানুষের মধ্যে সৃষ্ট আতংকের কারণে সিএনজি ব্যবহার সম্প্রসারণ বাধাগ্রস্ত হবে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নাভানা গ্র“পের চেয়ারম্যান সফিউল ইসলাম কামাল। উপস্থিত ছিলেন, কর্নেল (অব.) সৈয়দ শামসুদ্দিন আহমেদ, হাজি মোহাম্মদ ফজলুল হক, মনোরঞ্জন বকসী এবং মোকাররম উদ্দিন আহমেদ।
এতে বলা হয়, কোনো কোনো রোড সাইড ওয়ার্কশপ নিম্নমানের সিলিন্ডার ব্যবহার করছে। একটি চক্র নিউজিল্যান্ড থেকে ২০/২৫ বছরের পুরোনো সিলিন্ডার আমদানি করে তা ব্যবহারের চেষ্টা করছে।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশে এমনিতেই সিএনজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় সরকার আবার কনভারশনের ওপর ৪ দশমিক ৫ শতাংশ ভ্যাট আদায়ের নির্দেশ দিয়েছে। এটি প্রত্যাহার করা না হলে তা হবে ব্যবহারকারীদের জন্যে মড়ার উপর খাড়ার ঘা।
আরো জানানো হয়, বর্তমানে সিএনজি ব্যবহারের কারণে বছরে ৩০০ কোটি টাকার জ্বালানি তেল আমদানি সাশ্রয় হচ্ছে।
অ্যাসোসিশেনের পক্ষ থেকে বলা হয়, আগামীতে সকল গাড়ি সিএনজি চালিত করা গেলে বার্ষিক ২,০০০ কোটি টাকা সাশ্রয় হবে।
বর্তমানে দেশে ১০৬টি সিএনজি স্টেশন এবং ৫০টি কনভারশন ওয়ার্কশপ রয়েছে। একটি সিএনজি স্টেশন স্থাপনে দুই কোটি টাকা এবং ওয়ার্কশপ স্থাপনে এক কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হয়।
এক প্রশ্নের জবাবে সফিউল ইসলাম কামাল বলেন, সিএনজি খাতের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে সরকারের উচিত, এখন বিস্ফোরক অধিদপ্তর এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানিকে সক্রিয় করা।
