২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে গ্রেনেড, বিস্ফোরক, গানপাউডার উদ্ধার, ২য় লিড

দেশব্যাপী জেএমবিবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার র‌্যাব ও পুলিশ ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে হাত গ্রেনেড ও তাজা বোমাসহবিপুল পরিমাণ বিস্ফোরক ও জিহাদ বিষয়ক বই উদ্ধার করেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

জেএমবি’র এরিয়া কমান্ডার আসাদুজ্জামানকেও এ অভিযানে গ্রেপ্তার করা হয়। 

জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ--জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের গ্রেপ্তারকৃত ভাই, জেএমবি’র অপারেশন কমান্ডার আতাউর রহমান সানির স্বীকারোক্তি অনুযায়ী ঢাকা থেকে র‌্যাব এ অভিযানে অংশ নেয় বলে সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা শহরের আকুয়া মোড়লপাড়া এলাকায় জঙ্গিরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে নিজেদের বাঁচাতে সক্ষম হয়।

তারা জানান, রোববার ভোরে নিরাপত্তা কর্মীরা শহরের ফুলবাড়িয়া সড়কে অবস্থিত নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিদের ব্যবহৃত একটি আস্তানায় অভিযান চালানোর ঠিক পূর্ব মুহূর্তে তারা নিরাপদে পালিয়ে যায়।

এদের মধ্যে আসাদুজ্জামানকে পরে অন্য এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকেসহ ঘটনার সাথে জড়িত থাকতে পারে, এমন নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে।

পুলিশ আস্তানা থেকে ৬৫টি ডেটোনেটর, ১১টি গ্রেনেড, ১০ কিলোগ্রাম গানপাউডার, প্রতিটি পাঁচ কেজি ভরের তিনটি বোমা এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে।

পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) বিশেষজ্ঞরা বলেছেন, উদ্ধারকৃত বিস্ফোরক ব্যবহার করে জঙ্গিরা ৫০০টির মত বোমা তৈরি করতে পারতো।

পুলিশ, র‌্যাব ও স্থানীয় লোকজন জানায়, র‌্যাবের দু’টি দল রোববার ভোর ৩টার দিকে মোড়লপাড়া ও ফুলবাড়িয়া রোডের যথাক্রমে নূরমহল ও নোঙ্গর নামের দু’টি বাড়ি ঘিরে ফেলে।

মোড়লপাড়ার নূর মহলে অভিযানকালে অস্ত্রধারী জঙ্গিরা র‌্যাব সদস্যদের পিছিয়ে যেতে বাধ্য করতে তাদের লক্ষ্য করে বোমা হামলা চালায়। সুযোগ পেয়ে জঙ্গিরা নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয় লোকজন বলেছেন, জঙ্গিরা মরহুম নূর উদ্দিনের মালিকানাধীন নূর মহলের তিনটি কক্ষ ভাড়া নিয়েছিল।

র‌্যাব সদস্যরা নূর উদ্দিনের স্ত্রী জাহেদা নূর, তার পুত্র সাদেকুর রহমান, কন্যা শামিমা আক্তার এবং তিনজন ভাড়াটেসহ আরো দু’জনকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, সাদেকুর রহমান জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ও শামিমা আক্তার ইসলামী ছাত্রী সংস্থার সদস্য।

নূর উদ্দিনের বাসা থেকে পালিয়ে যাওয়া ভাড়াটে ও ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র, জেএমবি’র এরিয়া কমান্ডার আসাদুজ্জামানকে নিরাপত্তাকর্মীরা শহরের আরকে মিশন রোড থেকে গ্রেপ্তার করেছে।

আসাদুজ্জামান নূর উদ্দিনের ফুলবাড়িয়া রোডের নোঙ্গর বাড়িতে ভাড়া থাকে।

এর আগে ১৭ ডিসেম্বর আইনরক্ষাকারী বাহিনীর সদস্যরা রংপুর জেলা শহরের লালবাগ কলেজ রোড থেকে ২৪টি দেশী গ্রেনেড, ৫০ পিস পাউয়ার জেল, ৬২টি ডেটোনেটর, ২১ কিলোগ্রাম অ্যামেনিয়াম নাইট্রেট, ১৫০ড্রাম পাইক্রিক অ্যাসিড, দু’টি টাইমবোমা, ১৪৬৫টি বুলেটের খোসা এবং জিহাদের উপর লিখিত ২১টি বই উদ্ধার করে। এছাড়া রাজশাহী থেকেও বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

এর আগে জেএমবি’র সামরিক শাখার কমান্ডার ও জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের ছোট ভাই আতাউর রহমান সানিকে ১৪ ডিসেম্বর গ্রেপ্তারের পর ঢাকায় তার উত্তর মান্ডার আস্তানা থেকে ২৭টি গ্রেনেড, ২৪টি দেশি পিস্তল, ৩০ কেজি গান পাউডার, ২ কেজি এলুমিনিয়াম পাউডার, ৩৪টি পাওয়ার জেল, ১৯টি ওয়াটার জেল, ২০ কেজি এলুমিনিয়াম নাইট্রেট, ৫০টি ইলেক্ট্রনিক ডেটোনেটর, ৩০ কেজি লিড এজাইট, ১০ কোটি লিড সিকোনেট, ২০ কোটি ট্রিকনেট, গুলি তৈরির ডাইস, শতাধিক গুলি, বোমা তৈরির ২০টি সার্কিট, ৫০টি পেন্সিল ব্যাটারি এবং জেহাদী অনুপ্রেরণামূলক প্রচুর বই উদ্ধার করে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, র‌্যাব এবং গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত নিরাপত্তা বাহিনী তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের আবদুল লতিফ হলে যৌথ অভিযান চালিয়ে সানিকে গ্রেপ্তার করে।

এদিকে সানির স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঢাকা, কেরানীগঞ্জ এবং চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার করেছে।