চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক ও পুলিশকে জেএমবি’র হুমকি, ১ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক, পুলিশসহ কয়েকজনকে মোবাইল ফোনে জেএমবি’র সুইসাইড স্কোয়াডের নামে হত্যার হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনায় সদর থানা পুলিশ শুক্রবার গভীর রাতে শহরের পাঠানপাড়া থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম মীম সুফিয়ান (২৪)। সে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসিন আলীর ছেলে।
পুলিশ তার কাছ থেকে একটি মোবাইল সেট, পাঁচটি সিম কার্ড ও আটটি ডাইরী উদ্ধার করেছে। ডাইরীতে ক্ষমতাসীন ও বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তাদের মোবাইল ও টেলিফোন নম্বর পাওয়া গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবেদ আলী বিডিনিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুফিয়ান মোবাইলে হুমকি দেয়ার কথা স্বীকার করেছে।
জেএমবি’র সাথে তার সংশ্লিষ্টতার ব্যাপারে গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছে।
