সতন্ত্র পরিবেশ ক্যাডার সার্ভিস চালু করতে বিশ্বব্যাংকের তাগাদা
বিসিএস ক্যাডার সার্ভিসে পরিবেশ উন্নয়নে পরিবেশ ক্যাডার সার্ভিস চালু করার তাগাদা দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রতিনিধি দল বৃহস্পতিবার পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলামের সাথে পরিবেশ উন্নয়নে পরিবেশ অধিদপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি বিষয়ক পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত বৈঠকে এ তাগাদা দেয়।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংক উপদেষ্টা ডেভিড হিউগার্ড এবং বিশ্ব ব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ পল মার্টিন। পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তরের মহাসচিব খান এম ইব্রাহিম হাসান এসময় উপস্থিত ছিলেন।
বৈঠকে ক্যাডার সার্ভিস চালু করার পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের অধিকতর কারিগরি জ্ঞান অর্জন এবং অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলে বৈঠকে আশ্বাস ব্যক্ত করা হয়।
পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম সভাপতির বক্তৃতায় বলেন, পরিবেশ ইস্যু বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
তিনি বলেন, পরিবেশ খাতে সামান্য বিনিয়োগ পরোক্ষভাবে বয়ে আনতে পারে বিপুল মুনাফা। তিনি পরিবেশ উন্নয়নে পরিবেশ অধিদপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য যথাযথ বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বরোপ করেন।
