২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাব্লিওটিও: ইইউ বাণিজ্য কমিশনারের কাছে স্বল্পোন্নত দেশসমূহের দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ

বিশ্ব বাণিজ্য সংস্থার ৬ষ্ঠ মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার পিটার ম্যানডেলসনের সাথে সাক্ষাৎকালে স্বল্পোন্নত দেশসমূহের দাবির বিষয়টি উপস্থাপন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 05:02 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী হংকংয়ে এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

প্রতিনিধি দলটি এর আগে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী এসহাইকা নূরনা আল কাসিমী, তুরস্কের বাণিজ্য মন্ত্রী কেরমাদ তুজমেন এবং শ্রীলংকার বাণিজ্যমন্ত্রী জয়রাজ ফার্নানদোজের সাথে সাক্ষাৎ করে।

বৈঠকে বাংলাদেশের সাথে ওই দেশগুলোর সম্ভাবনাময় দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে বিদেশে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে স্বল্প দক্ষ শ্রমিক পাঠানোর ওপর জোর দেওয়া হয়।

মন্ত্রী এসময় বাংলাদেশী শ্রমিকদের কঠোর শ্রম ও আন্তরিকতা সারা বিশ্বে সুনাম অর্জন করেছে বলে জানান। এছাড়া বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধি দলটি তিনটি গ্র“পে বিভক্ত হয়ে অকৃষি পণ্যের বাজার প্রবেশাধিকার, কৃষি বিষয়সমূহ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের ষষ্ঠ সম্মেলনে বাণিজ্য মন্ত্রীর নেত্বত্বে এ প্রতিনিধি দলটি হংকং কনভেনশন সেন্টার ও এক্সিভিশন সেন্টারে যোগদান করেন।