চতুর্মুখী সংকটে কেসিসি
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) চতুর্মুখী সংকটের আবর্তে নিমজ্জিত। অর্থ সংকট, হোল্ডিং ট্যাক্স জটিলতা এবং ২৮ কোটি টাকা ট্যাক্স বকেয়াসহ বিভিন্ন সংকট এখন কেসিসি’র নিত্যদিনের সাথী।
সূত্র জানায়, কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে ৮০ লাখ টাকার প্রয়োজন হয়। কিন্তু প্রতি মাসে টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। ফলে ধারদেনা করে বেতন পরিশোধ করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ড হিসাব থেকে ৪৫ লাখ টাকা ঋণ নিয়ে অক্টোবর মাসের বেতন পরিশোধ করা হয়। একইভাবে ঠিকাদারদের জামানতকৃত টাকা থেকে ৩৫ লাখ টাকা ঋণ নিয়ে নভেম্বর মাসের বেতন পরিশোধ করা হয়েছে। ডিসেম্বর মাসের বেতনের জন্যও ঋণ গ্রহণ করতে হতে পারে।
কেসিসি’র আর্থিক সংকটের কথা স্বীকার করে সচিব কামরুল হক বিডিনিউজকে জানান, বকেয়া পৌরকর আদায় কাঙ্খিত পরিমাণে না হওয়ায় এবং উন্নয়নমূলক তেমন কোন কর্মকাণ্ড না থাকায় আর্থিক সংকট সৃষ্টি হয়েছে।
অপরদিকে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করে নগরবাসীর কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে পূর্বের তুলনায় ২৫ থেকে ৫০ গুণ কর বৃদ্ধির অভিযোগ করা হয়েছে।
বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে খুলনা নাগরিক সমাজ ১৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় শহীদ হাদিস পার্কে নাগরিক সমাবেশ ও শোভাযাত্রা আহবান করেছে।
অপরদিকে সংরক্ষিত আসনের কমিশনাররা উন্নয়ন কর্মকাণ্ডের জন্য পর্যাপ্ত টাকা বরাদ্দের দাবিতে সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানকে লিগ্যাল নোটিশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী দুই/একদিনের মধ্যে ওই নোটিশ প্রদান করা হতে পারে।
আন্দোলনকারীদের আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেনসহ তিনজন আইনজীবীর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নারী ফোরাম নামে একটি সংগঠন সংরক্ষিত আসনের কমিশনারদের অধিকার আদায়ে সহায়তা প্রদান করছে।
নগরীর চার শতাধিক ভিভিআইপি এবং সিআইপি হোল্ডিং মালিকের কাছে গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকার উর্ধ্বে ট্যাক্স বকেয়া রয়েছে। যা প্রায় আড়াই কোটি টাকার মত।
এছাড়া বন্ধ হয়ে যাওয়া আটটি পাটকলসহ বিভিন্ন কল-কারখানার ট্যাক্স বকেয়া রয়েছে ছয় কোটি ৪৯ লাখ টাকা। বিভিন্ন সংস্থা ও ব্যবসা-প্রতিষ্ঠানের ট্যাক্স বকেয়া রয়েছে প্রায় ১৯ কোটি টাকা।
