২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় চাষীদের ঘরে ঘরে নবান্ন উৎসব

কুষ্টিয়া জেলার কৃষকদের ঘরে ঘরে বইছে নবান্নের আনন্দ-উৎসব। প্রত্যন্ত অঞ্চলে আমন ধান কাটার ধুম লেগেছে। সকাল থেকে সন্ধ্যা অবধি ব্যস্ত চাষীদের এতটুকু ফুরসত নেই। নতুন ধানের মিষ্টি গন্ধে উচ্ছ্বসিত তারা। খুশি কৃষানীরাও।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

সন্ধ্যা নামতেই ছেলে বুড়ো সবাই মিলে হাসি, গল্প আর গানে মুখরিত হচ্ছে চাষীর আঙ্গিনা। নতুন ধানে ভরেছে তাদের গোলা। নতুন ধান ঘরে আসার সাথে সাথে অতিথি আপ্যায়নে মেতে উঠছে তারা। চাষীদের পাশাপাশি ব্যস্ত হয়ে পড়েছেন পরিবারের মহিলারাও। ঢেঁকিতে নতুন চাল কুটে আটা তৈরি আর তা থেকে বানানো হচ্ছে সুস্বাদু নানা রকম পিঠা-পুলি।

আমন ধান রোপনের পর দুই দফায় প্লাবিত হওয়া এবং পোকার আক্রমণসহ নানা প্রতিকুলতার মাঝেও এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় এক হাজার হেক্টর জমির আমন ধান।

জানা গেছে, রোপন মৌসুমে জেলায় ৬২ হাজার ৭১৮ হেক্টর জমিতে ১ লাখ ৫৬ হাজার ৭৯৫ মেট্্িরক টন চাউল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক হাসিবুর রহমান বিডিনিউজকে জানান, এ বছর জলাবদ্ধতার কারণে জেলার কিছু কিছু এলাকায় ফসলের ক্ষয়ক্ষতি হলেও ফলন ভাল হয়েছে সবখানে। চলতি আমন মৌসুমের ফলন গত বছরের তুলনায় বিঘা প্রতি এক/দুই মণ হারে বৃদ্ধি পেয়েছে।

সদর উপজেলার দোস্তপাড়ার চাষী তাহের মোল্লা বিডিনিউজকে, ফলন এবং দাম বৃদ্ধি পেলেও উপকরণ ব্যয় বাড়ার কারণে আমন চাষ ততটা লাভজনক হচ্ছে না।

ধান-চাল ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে ধানের দাম অন্যান্য বছরের তুলনায় মণ প্রতি ২০-৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৪শ’ হতে ৪৫০ টাকা দরে।  অতি বৃষ্টি ও জলাবদ্ধতার কারনে এবার আমন ধানের ক্ষতি হলেও ফলন ভাল হয়েছে।