আকস্মিক ধর্মঘটে ঢাকা-ময়মনসিংহ সড়কে কয়েক ঘণ্টা বাস চলাচল বন্ধ
পুলিশের ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে মঙ্গলবার বাস মালিক ও শ্রমিকদের আকস্মিক ধর্মঘটে কয়েক ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে। এতে ঢাকা থেকে ময়মনসিংহ এবং আংশিক উত্তরবঙ্গের সাথে বাস যোগাযোগ কয়েকঘণ্টার জন্য অচল হয়ে পড়ে।
সোমবার রাত আটটা থেকে বাস শ্রমিকরা মহাখালী থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। তাদের এ ধর্মঘট মঙ্গলবার দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। দুপুর একটার দিকে পুলিশ কর্তৃপক্ষ ঘটনার সাথে জড়িত দুই সার্জেন্ট আজহার ও আতিককে ক্লোজ করা হয়েছে বলে জানালে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।
বাস শ্রমিক ও কর্মচারীরা এ ঘটনার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালে মিছিল করে। তারা একজন ট্রাফিক সার্জেন্টের মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং তাকে মারধর করে। পুলিশ পাঁচজন বিক্ষোভকারীকে আটক করে।
এ ঘটনায় মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে বিভিন্ন জেলাগামী যাত্রীরা কয়েক ঘণ্টা আটকা থাকে।
