একমুখী শিক্ষা বাতিলের দাবি
‘তথাকথিত একমুখী শিক্ষা ব্যবস্থা’ শুধু স্থগিত নয়, বাতিলের দাবি জানিয়েছে শিক্ষা আন্দোলন মঞ্চ নামে একটি সামাজিক সংগঠন।
সংগঠনটি মাধ্যমিক পর্যায়ে একমুখী ভূমিকা সম্পন্ন কিন্তু সার্বজনীন, বৈষম্যহীন, বৈজ্ঞানিক এবং ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার দাবি জানায়।
শিক্ষা আন্দোলন মঞ্চ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জানান, সরকারের প্রস্তাবিত একমুখী শিক্ষার ব্যাপারে যে পরিমাণ অর্থ খরচ করা হয়েছে বা খরচ করা করা হবে, তার হিসাব প্রকাশ করতে হবে।
এই টাকা খরচের পেছনে যারা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং যারা এ পরিকল্পনার সাথে জড়িত, তাদের নাম প্রকাশ করতে হবে বলেও তারা দাবি জানান।
অন্যান্যের মধ্যে শিক্ষা আন্দোলন মঞ্চের আহ্বায়ক অজয় রায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আগামী ২৬ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মিছিলসহ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। মিছিলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বিনোদ বিহারী অংশ নেবেন।
সরকার তীব্র সমালোচনার মুখে ৫ ডিসেম্বর একমুখী শিক্ষা বাস্তবায়নের উদ্যোগ ২০০৭ পর্যন্ত স্থগিত ঘোষণা করে।
