২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবাধ তথ্য দুর্নীতি কমাবে, উন্নয়ন ঘটাবে প্রশাসনের: সম্মেলনে বক্তারা

তথ্য ও মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করে মঙ্গলবার এক আঞ্চলিক সম্মেলনে বক্তারা বলেছেন, অন্যান্য অধিকার ও স্বাধীনতার মতো তথ্য ও মত প্রকাশের স্বাধীনতারও ঐতিহাসিক ও সাংবিধানিকভাবে স্বীকৃতি রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বক্তরা বলেন, তথ্য প্রকাশের স্বাধীনতা সম্পদের অপচয় ও দুর্নীতি কমাতে সহায়ক হবে এবং প্রাশাসনিক ব্যবস্থার উন্নয়ন ঘটাবে।

মানবাধিকার উন্নয়ন ও সুশাসনের লক্ষ্যে স্থানীয় বেসরকারি সংগঠন মানুষের জন্য ‘জাতীয় ও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে তথ্যের অধিকার’ শীর্ষক দু’দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।

বক্তারা বলেন, তথ্য না জানার কারণে বিশেষ করে অনগ্রসর ও প্রান্তিক মানুষেরা তাদের সুযোগ-সুবিধা ও সেবা সম্পর্কে জানতে পারে না।

সম্মেলনে আরও বলা হয়, তথ্যের অবাধ আদান-প্রদান অন্যান্য অধিকারের ভিত্তি।

হামিদা হোসেনের সভাপতিত্বে ‘তথ্যের অধিকার: এ অঞ্চলের অভিজ্ঞতা’ শীর্ষক আলোচনার মধ্যদিয়ে দু’দিনব্যাপী এ সম্মেলন শুরু হয় ।

ভারতের মজদুর কিষান শক্তি সংস্থার অরুণা রায় ও পাবলিক গ্রিভেন্সেস কমিশনের শৈলজা চন্দ্র, শ্রীলঙ্কার কিশালি পিন্টু জয়াবর্ধন, ভারতের মাজা ধুন দ্বারবালা এবং মানুষের জন্য’র টিম লিডার শাহীন আনাম আলোচনায় অংশ নেন।

সম্মেলনে তথ্যের অধিকার আদায়ে জনগণের আন্দোলন, নারী ও তথ্য অধিকার, তথ্যের অধিকার: আইন ও অধিকার লঙ্ঘন, তথ্যের অধিকার ও দারিদ্র্য বিমোচন এবং তথ্যের স্বাধীনতা ও গণমাধ্যমের ভূমিকা বিষয়ে আরও পাঁচটি আলোচনা অনুষ্ঠিত হবে।

আলোচনায় অন্যান্যের মধ্যে ড. জাফরুল্লাহ চৌধুরী, ড. আতিউর রহমান, খুশি কবীর, সালমা খান, মাহবুবা নাসরিন, আয়েশা খানম, ড. বোরহান উদ্দিন খান, এলিনা খান, আব্দুল মুয়ীদ চৌধুরী, ড. অনন্য রায়হান, সিমিন মাহমুদ এবং ড. হোসাইন জিল্লুর রহমান বক্তব্য রাখেন।

বুধবার এ সম্মেলন শেষ হবে এবং তিনটি কর্মশালা অনুষ্ঠিত হবে। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।