২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম হত্যার বিচার দাবিতে ফরিদপুরে শোক মিছিল ও সমাবেশ

দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান সাংবাদিক গৌতম দাস হত্যাকাণ্ড বিচারের দাবিতে নাগরিক কমিটির উদ্যোগে সোমবার ফরিদপুর শহরে গণ শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে স্থানীয় জনতা ব্যাংক মোড়ে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 05:43 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

গণ শোক মিছিলে রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবীসহ সুশীল সমাজের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ অংশ নেন। গণ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়।

গণমিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর নাগরিক কমিটির সহ--সভাপতি নূরুদ্দীন বিশ্বাস।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রবীণ আইনজীবী ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট সরওয়ারজান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাবলু, দৈনিক সমকাল পত্রিকার সহকারি সম্পাদক আবু সাঈদ খান, পৌর কমিশনার খন্দকার মঞ্জুর আলী, জেলা যুবদল সভাপতি রশিদুল ইসলাম লিটন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গৌতম দাস হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা কোন প্রহসনের বিচার মানবো না।

সমাবেশে বক্তারা অবিলম্বে খুনীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।