২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ, মৌলভীবাজারে বোমাতংক, নরসিংদী, সিরাজগঞ্জ, নড়াইলে বোমা উদ্ধার, ১ম লিড

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে রোববার বোমা সদৃশ বস্তু দেখে সৃষ্টি হয় বোমাতংক। এদিকে পুলিশ নরসিংদী, সিরাজগঞ্জ ও নড়াইল থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বিডিনিউজ ময়মনসিংহ প্রতিনিধি জানান, কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের বাথরুমে বোমা সাদৃশ্য একটি বস্তুকে কেন্দ্র করে গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পড়ে।

পুলিশ সুত্র জানায়, দুপুর ৩টায় এক ছাত্র বাথরুমে গিয়ে কালো স্কচটেপ ও তার দিয়ে মোড়ানো একটি কৌটা দেখে শিক্ষকদের অবহিত করে। পরে কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ও র‌্যাবের একটি দল সেখানে আসেন। তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বোমা বিস্ফোরক টিম না আসায় বোমা সম্পর্কে এখনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বারান্দায় ফুলের টবের মধ্যে বোমা জাতীয় একটি বস্তু দেখে প্রধান শিক্ষক পুলিশ সুপারকে জানান। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে স্কুল এলাকা ঘিরে রাখে। সিলেট থেকে র‌্যাব-৯ এর বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা নিরীক্ষার পর দেখতে পায় বোমাসদৃশ্য স্কচটেপ পেচানো বস্তুটির ভিতর বালু ছিল। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদী শহরের নতুন বাজার এলাকা থেকে সদর থানা পুলিশ রোববার সকালে এক কেজি ওজনের একটি বোমা উদ্ধার করেছে।

পুলিশ জানায়, কাগজ দিয়ে মোড়ানো বোমাটি একটি পিঠার দোকানের র‌্যাকের ওপর রাখা ছিল।

এলাকাবাসী সূত্রে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ বোমাটি উদ্ধার করে এবং পরে নিষ্ক্রিয় করে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ও সরকারি আলীয়া মাদ্রাসার নিকটবর্তী দত্তবাড়ী এলাকা থেকে রোববার দুপুরে বিশালাকৃতির একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।

বড় দুধের কৌটায় লাল টেপ, তার ও ব্যাটারি যুক্ত করে এই ডামি বোমাটি তৈরি করা হয়। সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ প্রথমে তা বালির বস্তা দিয়ে ঢেকে রাখে এবং দুপুরের দিকে তা উদ্ধার করে।

এ নিয়ে পুলিশ একই এলাকা থেকে পরপর তিনদিনে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করল।

বিডিনিউজ নড়াইল প্রতিনিধি জানান, নড়্ইাল পৌরসভার পাশে বি আরটিসি বাস কাউন্টারের পাশ থেকে রোববার সন্ধ্যা ৬টায় একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় জনতা বোমাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা এসে স্কচটেপ দিয়ে ব্যাটারি ও বৈদ্যুতিক তার পেচানো বোমাটি উদ্ধার করে নিস্ক্রিয় করে দেয়। পুলিশ ও স্থানীয় জনগণ ধারণা করছে জঙ্গি কর্মী সন্ধ্যায় বিদ্যুৎ না থাকার সুযোগে বোমাটি পেতে রেখেছিলো।