সার্কের পর্যবেক্ষকের মর্যাদা পেতে শর্তাবলীর অপেক্ষায় চীন
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পর্যবেক্ষকের মর্যাদা পেতে চীন এখন শর্তাবলী পাওয়ার অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত চাই ঝি বলেন, চীন কিভাবে সার্ককে সহযোগিতা করতে পারে সেটাই এখন বড় প্রশ্ন। সার্কের পর্যবেক্ষক হওয়ার জন্য চীনকে কি কি শর্ত পূরণ করতে হবে তা জানার জন্য বেইজিং অপেক্ষায় রয়েছে।
রাজধানী ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এ রোববার আয়োজিত এক সেমিনারে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. চাই এ কথা বলেন।
বিআইআইএসএস মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি বলেন, চীন সফলভাবে অপর একটি আঞ্চলিক সংগঠন অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসকে (আসিয়ান) সহযোগিতা করছে।
চীনের রাষ্ট্রদূত বলেন, সার্কে গত দুই দশকে কোন উন্নয়ন হয়নি। তবে সার্ক পরিকল্পনা বাস্তবায়ন দশকে প্রবেশ করায় ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।
ঢাকায় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক সদস্য দেশগুলোর সরকার প্রধানগণ চীন ও জাপানকে পর্যবেক্ষকের মর্যাদা এবং আফগানিস্তানকে পূর্ণ সদস্য পদ প্রদানের ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হন।
সার্ক ঘোষণায় বলা হয়েছে, এ ব্যাপারে ২০০৬ সালের সার্ক কাউন্সিল অব মিনিস্টার্সের ২৭তম বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
