পঞ্চগড়ে আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। নতুন আমন ধানের দাম সন্তোষজনক হওয়ায় কৃষকরাও খুশি।
কৃষি বিভাগ জানায়, চলতি আমন মৌসুমে পঞ্চগড়ে ৯১ হাজার আটশ’হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় দুই লাখ ১৭ হাজার ৭৭ মেট্রিক টন। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ আশা করছে। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে হাট-বাজারগুলোতে উঠেছে নতুন ধান।
বোদা উপজেলা কৃষি কর্মকর্তা কমল কুমার সরকার বিডিনিউজকে জানান, আমন ধান কাটা শুরু হয়েছে। এবারে গড়ে ফলন পাওয়া গেছে বিঘা প্রতি ১২ থেকে ১৪ মণ। গত বছর প্রতি মণ ধানের দাম ছিল দুইশ’ থেকে আড়াইশ’ টাকা। এ বছর শুরু থেকেই ধানের দাম বেশি। হাট-বাজারগুলোতে প্রতি মণ ধান তিনশ’ ৫০ টাকা থেকে চারশ’ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এ বছর ধানের দাম বেশি হওয়ায় এবং দাম বেশি পাওয়ায় কৃষকরাও খুশি। কিন্তু অনেক কৃষক অভাবের কারণে ক্ষেতের ধান আগাম কম দামে বিক্রি করে দেয়। বর্তমানে বাজারে ধানের দাম বেশি। ধান কাটা শুরু হতেই মহাজনরা আগাম ফসলের জন্য চাপ দিচ্ছে। এ অবস্থায় বর্গাচাষী ও দরিদ্র কৃষক পরিবারগুলো চোখে অন্ধকার দেখছে।
পঞ্চগড়ের বিভিন্ন স্থানে ধান কাটা-মাড়াই শুরু হলেও কোথাও কোথাও দিনমজুরের অভাবে পুরোদমে ধান কাটা-মাড়াই শুরু হয়নি। শ্রমিক না পেয়ে অনেক জমির মালিকরা নিজেই মাঠে নেমে পড়েছে। একারণে মহিলা শ্রমিকদের কদর বেড়েছে।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকদের সাথে আলাপ করে জানা গেছে, ধানের বাম্পার ফলন দেখে তাদের মনে আশার সঞ্চার হলেও শ্রমিক সংকট ও বাজারে ধানের দাম কমতে থাকায় তাদের সে আশা এখন হাতাশায় পরিণত হয়েছে।
সদর উপজেলার গলেহা বোয়ালমারী গ্রামের কৃষক আছিরুল ইসলাম বিডিনিউজকে জানান, ধানের বাম্পার ফলন হয়েছে। যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। শ্রমিকের অভাবে পুরোপুরি ধান কাটা-মাড়াই ব্যাহত হচ্ছে।
এদিকে সরকার এ বছর প্রতি কেজি ধানের দাম নয় টাকা ২৫ পয়সা এবং চালের দাম ১৪ টাকা নির্ধারণ করেছে। কিন্তু সরকারি মূল্যের চেয়ে বাজার মূল্য বেশি হওয়ায় আমন সংগ্রহ অভিযান মুখ থুবড়ে পড়বে বলে ব্যবসায়ী ও মিলাররা মনে করছেন।
