২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণা বিস্ফোরণ: হামলাকারী কে?

নেত্রকোণা হামলার তিনদিন পেরিয়ে গেলেও একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে হামলাকারী কে? তিনটি নামই সামনে আসছে রহিছ উদ্দিন, অজ্ঞাত কিশোর ও যাদব। হামলায় এরা তিনজনই নিহত হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

নেত্রকোণাবাসী যাদবকে হামলাকারী হিসেবে মেনে না নিলেও পুলিশ শুক্রবার রাতে যাদবের বাবা সত্যেন চন্দ্র দাস ও মা আরতী দাসকে আটক করেছে।

পুলিশ বলছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদের পরই তাদের ছেড়ে দেয়া হবে। এর আগে যাদবের ভাই ও বোনকে আটক করে ছেড়ে দেয় পুলিশ।

সন্দেহ করা হচ্ছে নিহত রশিদ উদ্দিনকেও। পুলিশ তার ছোট ভাই শহীদ মিয়াকে আটক করেছে।

পুলিশ সুজন বিশ্বাস বিমল ও অমল চন্দ্র সরকার নামে দুইজনকে আটক করেছে।

হামলায় আহত যাদবের বন্ধু ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রিপনকে গোয়েন্দা সংস্থার লোকজন নজরবন্দী করে রেখেছে।

যাদব ও রহিছ উদ্দিন ছাড়া অপর এক অজ্ঞাত যুবকেও সন্দেহ করা হচ্ছে।

ময়না তদন্ত করা চিকিৎসকরা জানান, বোমায় ওই যুবকের হাত-পা উড়ে গেছে। মুখও ঝলসে গেছে। তার বুকে ও পিঠে গান পাউডার দেখা গেছে। তিনদিন পরও তার লাশ কেউ নিতে না আসায় মৃতদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

বোমার আঘাতে রশিদ উদ্দিনের পুরো শরীর ঝলসে যায়। যাদবের শরীরেও অনেক স্পি­ন্টার বিদ্ধ হয়।

শহরটি থেকে এখনও শোক আর আতংক কাটেনি।

এদিকে হামলায় নিহত উদীচীর সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলীর অন্তেষ্টিক্রিয়া শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়।

বোমা হামলার প্রতিবাদে উদীচী ও সুশীল সমাজ শনিবার সকাল ১১টায় হামলার প্রতিবাদে ১৫ মিনিট নীরবতা পালন করে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এই কর্মসূচিতে অংশ নেয়।

পরে আওয়ামী লীগ নেতা আশরাফ আলী খান খসরু ও মতিউর রহমান, ন্যাপ নেতা মোজাম্মেল হক বাচ্চু বক্তব্য রাখেন।

কৃষক শ্রমিক জনতা লীগ নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী শনিবার সকালে নেত্রকোণা সফর করেন। তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, সরকার এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে হামলার সাথে যাদবের নাম জড়াচ্ছে।

এদিকে জেলা বিএনপির সভাপতি আব্দুল করিম আব্বাসী এমপি এক বিবৃতিতে বলেন, হামলা বন্ধের জন্যে বিরোধী দলকে আহ্বান জানালেও বিরোধী দল সরকারের আহ্বানে সাড়া না দিয়ে বোমাবাজদের উৎসাহিত করছে।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখনও ২৬ জন চিকিৎসাধীন রয়েছে। মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মোস্তফা বলেন, শনিবার নয়জনকে মুক্তি দেওয়া হয়েছে। দুইজনের অবস্থার অবণতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।