২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাদব আত্মঘাতী হামলাকারী নয়: নেত্রকোণাবাসী

যাদব দাসকে আত্মঘাতী হামলাকারী হিসেবে মেনে নিতে রাজী নয় নেত্রকোণাবাসী।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

জিজ্ঞাসাবাদের পর পর পুলিশ যাদবের ভাই বিপ্লব দাস ও সীমা দাসকে শুক্রবার ছেড়ে দিয়েছে। তাদেরকে ঘটনার দিন বিকেলে বারহাট্টার ব্রিজচাপারকোণা গ্রামের বাড়ি থেকে আটক করা হয়েছিলো।

পুলিশ সুপার এম আলী হোসেন ফকির বিস্ফোরক বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে যাদবকে বোমা হামলাকারী হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, বিষয়টি এখনও তদন্তাধীন।

স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যাদবকে আত্মঘাতী হামলাকারী হিসেবে উল্লেখ করলে শহরের অধিকাংশ মানুষ তার কথায় বিস্মিত হয়েছেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে হিন্দু মৌলবাদী বলে ইঙ্গিত দেওয়ায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা তাদের বিবৃতিতে বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জেএমবিকে প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে যাদবকে হামলাকারী বানিয়ে জাতিকে ধোকা দেওয়ার চেষ্টা করছে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, যাদবকে বোমা হামলাকারী বানিয়ে সরকার নতুন খেলায় মেতেছে। জামাতের আমীর নিজামীর সাথে এ খেলায় যোগ দিয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর।

শুক্রবার বেলা ১১টায় ১৪ দলের শোক মিছিল শেষে তিনি সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে নিজামী বলেছিলেন, বোমা হামলার সাথে ভারতের ‘র’ জড়িত।

তাই তিনি হিন্দু সম্প্রদায়ের নাম জড়িয়ে নিজামীর খেলাটাকেই পাকাপোক্ত করতে চান। কিন্ত্র এদেশের অসাম্প্রদায়িক মানুষ সরকারের ফাঁদে পা দেবে না।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান খান, পৌর চেয়ারম্যান নজরুল ইসলাম খান, অসীম কুমার উকিল, শফি আহমেদ ওয়ারেছাত হোসেন বেলাল (বীরপ্রতিক) পৃথক বিবৃতি দিয়েছেন।

যাদবের সঙ্গী রিপন হাসপাতালের বিছানায় শুয়ে জানিয়েছে যে রিপন হামলাকারী নয়। হামলার দিন যাদব সকাল ৯টা পর্যন্ত দোকানের সামনেই ছিল।

সাইকেল মেকার মজনু মিয়া বলেন, যাদব অত্যন্ত ভালো ছেলে। ঘটনার দিন সকালে সে গোসল করে আসার পর ৯টা পর্যন্ত দোকানেরে সামনেই ছিল। প্রথম বোমা বিস্ফোরণের খবর শুনে সে তার সহকর্মী রিপনের সাথে ওই স্থানে যায়। রেডিও টেলিভিশনের দোকান মালিক তারেকুল ইসলাম জানান, তিনি যাদিবকে তিন/চার বছর ধরে চেনেন। ওই হামলার সাথে সে জড়িত থাকতে পারে না।

চা বিক্রেতা হাজেরা (৫০) বলেন, সে মোটর সাইকেলের দোকানে দীর্ঘদিন ধরে কাজ করে। সে খুবই ভালো ছেলে। ওই ঘটনার সাথে সে জড়িত নয়।

এদিকে নির্ধারিত অনুষ্ঠান সূচি অনুযায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শুক্রবার নেত্রকোণা সফর করলেও তার সকল অনুষ্ঠান বাতিল করা হয়।

এদিকে ১৪ দলের নেতৃবৃন্দ শুক্রবার নেত্রকোণা সফর করেছেন।

তারা শহীদ মিনারে শোক মিছিলে অংশ নিয়েছেন। এছাড়াও বোমা হামলার প্রতিবাদে বিএনপি ও জামাতে ইসলামী শহরে মিছিল করেছে। বিভিন্ন মসজিদের ঈমাম খুতবায় বয়ানে বোমা হামলাবিরোধী বয়ান দেন।