অনুরোধ, ভূমি বিরোধ ও আইনী জটিলতায় বেসরকারিকরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে
সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের অনুরোধ, জমি নিয়ে বিরোধ ও আইনী জটিলতার কারণে মোট ৩৭ টি রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানের বেসরকারিকরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। প্রাইভেটাইজেশন কমিশন সূত্র জানায়, মন্ত্রণালয় ও দপ্তরের অনুরোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের আওতাধীন ২৭ টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বেসরকারিকরণ প্রক্রিয়া থমকে আছে।
ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ)--
অন্যদিকে সরকারি সূত্র জানায়, আইনী জটিলতা ও আদালতে মামলা চলতে থাকায় আরও ১০টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বেসরকারিকরণ প্রক্রিয়া বন্ধ আছে।
প্রাইভেটাইজেশ কমিশনের চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী বিডিনিউজকে বলেন, আমাদের তালিকা অনুযায়ী বেসরকারিকরণ করা হলে এক্ষেত্রে সন্তোষজনক অগ্রগতি অর্জন করা সম্ভব হতো।
তিনি বলেন, কিছু মন্ত্রণালয় বেসরকারিকরণ প্রক্রিয়া বিবেচনা করছে। অন্যদিকে কিছু মন্ত্রণালয় নিজস্ব উদ্যোগে মিল-কারখানার বেসরকারিকরণ অথবা নিজস্ব তত্ত্বাবধানে ওইসব মিল-কারখানা চালু রাখতে আগ্রহী।
পাট মন্ত্রণালয়াধীন দৌলতপুর জুট মিলস লি. এবং মেসার্স মনোয়ার জুট মিলস লিমিটেডের বেসরকারিকরণ প্রক্রিয়া শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ আছে।
এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের অনুরোধে প্রাইভেটাইজেশন কমিশন মন্ত্রণালয়ের অধীন আটটি রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানের বেসরকারিকরণ প্রক্রিয়া বন্ধ রেখেছে। এ সমস্ত প্রতিষ্ঠান হলো- ওসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেড, জিল-বাংলা সুগার মিল লিমিটেড, সেতাবগঞ্জ সুগার মিলস লিমিটেড, গাজী ওয়াটার লিমিটেড, মিরপুর সিরামিকস লিমিটেড, নর্থ বেঙ্গল পেপার মিলস লিমিটেড, খুলনা হার্ডবোর্ড মিলস লিমিটেড এবং খুলনা নিউজপ্রিন্ট লিমিটেড।
শিল্প মন্ত্রণালযের এক কর্মকর্তা এর আগে বিডিনিউজকে বলেছিলেন, মন্ত্রণালয় খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড প্রাঙ্গনে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন অর্গানন (বাংলাদশ) লিমিটেডের বেসরকারিকরণ প্রক্রিয়াও বন্ধ আছে এবং এই কোম্পানিতে ১৩ শতাংশ সরকারি শেয়ার আছে।
অন্যদিকে, বেসরকারিকরণ প্রক্রিয়ায় বন্ধ হওয়া পরিবেশ ও বন মন্ত্রণালয়াধীন ছয়টি প্রতিষ্ঠান হলো- চট্টগ্রামের ক্যাবিনেট ম্যানুফেকচারিং প্ল্যান্ট, মিরপুরের ক্যাবিনেট ম্যানুফেকচারিং প্ল্যান্ট, উড ট্রিটিং প্ল্যান্ট, ইস্টার্ন উড ওয়ার্কস, ফিডকো ফার্নিচার কমপ্লেক্স, সাঙ্গু-মাতামুহুরী টিম্বার এক্সট্রাকশন ইউনিট।
প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার তালিকায় আছে, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়াধীন হোটেল শৈবাল, মোটেল লাবণী, হোটেল পশুর, পর্যটন মোটেল লংপুর এবং পর্যটন মোটেল সিলেট।
এছাড়াও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়াত্ত্ব চারটি পেট্রোলিয়াম কোম্পানির বেসরকারিকরণ প্রক্রিয়াও বন্ধ আছে। এদের মধ্যে রয়েছে, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড, যমুনা অয়েল কোম্পানী লিমিটেড, মেঘনা অয়েল কোম্পানী লিমিটেড এবং এলপি গ্যাস লিমিটেড।
বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাও এ তালিকায় রয়েছে।
জমি এবং আইনী জটিলতার কারণে বেসরকারিকরণ প্রক্রিয়া বন্ধ আছে ১০ টি প্রতিষ্ঠানের। এগুলো হলো- সাতরং টেক্সটাইল মিলস লিমিটেড, টেক্সটাইল ফ্যাসিলিটিজ, বাংলাদেশ স্টিল ইন্ডাস্ট্রিজ লি, শেখ মুজতবা এন্ড কোম্পানী, কর্ণফুলি টিম্বার এন্ড এক্সট্রাকশন ইউনিট, র্যাম্বার প্রসেসিং কমপ্লেক্স, প্রকিউরমেন্ট এন্ড সেলস অর্গানাইজেশন, ইস্টার্ন লুব্রিকেন্টস লি, পাতিয়া টি স্টেট লি. এবং বিমলা টি স্টেট লিমিটিড।
