নেত্রকোণার বোমা হামলায় আহত আরো ১ জনের মৃত্যু, মোট নিহত ৮, ১ম লিড
নেত্রকোণায় বৃহস্পতিবারের আত্মঘাতী বোমা হামলায় গুরুতর আহত আরো একজন শুক্রবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, নিহতের নাম সুদীপ্তা পাল শেলী (২৮)। তিনি নেত্রকোণা জেলা উদীচীর সংগঠনিক সম্পাদক ছিলেন। শেলী নেত্রকোণার অজহর সড়কের বাসিন্দা সুনীল পালের মেয়ে। তিনি অবিবাহিতা এবং ইআইডি নামক একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন।
এ নিয়ে ওই হামলায় মোট আটজনের মৃত্যু হল।
বেগম রোকেয়া দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য শেলী উদীচী কার্যালয়ে যান। পরে উদীচী কার্যালয়ের সামনে বোমা নিষ্ক্রিয় করার দৃশ্য দেখার জন্যে যারা ভীড় করেছিলেন, তাদের মধ্যে শেলীও ছিলেন। জেএমবি দর্শকের ভীড়ের মধ্যেই আতœঘাতী বোমা হামলা চালায়।
স্থানীয় সংবাদিক শ্যামলেন্দু পাল বিডিনিউজকে বলেন, শেলী আমাকে দুষ্টুমি করে জামাই বাবু বলে ডাকতো।
তিনি জানান, বোমা নিস্ক্রিয় করার দর্শক সারিতে তিনি নিজেই শেলীকে দেখেন। ওই ভীড়ের মধ্যেই আতœঘাতী বোমা হামলা হয়।
শ্যামলেন্দু আহাজারি করে বলেন, শেলী ছিলেন নেত্রকোণার সাংস্কৃতিক জগতের প্রাণ। তার মৃত্যূ কিছুতেই মানা যায় না।
ওই বোমা হামলার ঘটনায় ময়মনসিংহে ৪০ জনেরও বেশী, নেত্রকোণায় ১০ -- ১২ জন ও ঢাকার হাসপাতালে দুজন ভর্তি রয়েছে।
এরআগে ওই বোমা হামলায় নেত্রকোণা জেলা উদীচীর যুগ্ম আহ্বায়ক খাজা হায়দার মারা যান। শুক্রবার তার গ্রামের বাড়ি গাজনিপুর মসজিদে তার নামাজে জানাজায় শত শত মানুষ জড়ো হয়।
এদিকে, নেত্রকোণায় আত্মঘাতী বোমা হামলায় হতাহতদের খোঁজ খবর নিতে ১৪ দলের নেতারা নেত্রকোণা সফর করেছেন।
১৪ দলের প্রতিনিধিদের নেতৃত্ব দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। তারা নেত্রকোণা হাসাপাতাল পরিদর্শন করে আহতদের সাথে কথা বলেন। এ সময় নেতারা তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
এছাড়া নেতৃবৃন্দ বোমা হামলার ঘটনাস্থল উদীচী শিল্প গোষ্ঠির জেলা কার্যালয় পরিদর্শন করেন।
১৪ দলের প্রতিনিধি দলটি হামলায় হতাহতদের বাসভবনও পরিদর্শন করেছেন।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন সাইফুদ্দিন আহমেদ মানিক, কেএম জাহাঙ্গীর ও সাবের হোসেন চৌধুরী।
এদিকে বোমা হামলার ঘটনায় আওয়ামী লীগ জেলায় শনিবার প্রতিবাদ সমাবেশ এবং রোববার সকাল -- সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
