কোরবানীর ঈদে ঢাকায় ১৫টি পশুর হাট বসছে
কোরবানীর ঈদে এবার ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নগরীতে ১৫টি পশুর হাট বসাবে। গতবার ডিসিসি এলাকায় অস্থায়ী পশুর হাটের সংখ্যা ছিলো ১৭টি।
দেশব্যাপী জঙ্গি হামলার কারণে এবার কোরবানীর হাটগুলোতে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
যে ১৫টি স্থানে অস্থায়ী পশুর হাট বসছে, সেই এলাকাগুলো হচ্ছে: আরমানিটোলার চিত্রামহল সংলগ্ন ডিসিসির খালি মাঠ, খিলক্ষেত টানপাড়া, ঝিকাতলা হাজারীবাগ মাঠ, গোলাপবাগ মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, ধুপখোলা মাঠ, হোসনী দালান রোড, ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন কমলাপুর বালুর মাঠ, উত্তরা ১২ নম্বর সেক্টর, মেরাদিয়া বাজার, পোস্তগোলা আলম মার্কেট, তেজগাঁও ট্রাক টার্মিনাল, আগারগাঁও বস্তির খালি জায়গা, তালতলা বাসস্ট্যান্ড ও সানরাইজ স্পোর্টিং ক্লাবের মাঠ।
গত বছর রায়ের বাজার মাঠ ও বনানী -- কাকলি রেলষ্টেশনের পাশের মাঠে পশুর হাট বসানো হলেও এবার এসব স্থানে হাট বসানো হচ্ছে না।
ডিসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আবু তালেব বিডিনিউজকে জানান, এরই মধ্যে ১৫টি পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
তিনি জানান, ডিসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়ে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত দরপত্র গ্রহণ করা হবে। পরদিন ১৫ ডিসেম্বর ইজারাদারদের উপস্থিতিতে সর্বোচ্চ দরদাতা বাছাই করা হবে।
