মতিয়া চৌধুরীর নেতৃত্বে ১৪ দলের নেতারা এখন নেত্রকোনায়
নেত্রকোনায় আত্মঘাতি বোমা হামলায় হতাহতদের খোঁজ খবর নিতে ১৪ দলের নেতারা এখন নেত্রকোনা সফর করছেন।
বৃহস্পতিবার সেখানে এক আত্মঘাতি বোমা হামলায় সাত ব্যক্তি নিহত হয় এবং আহত হয় আরও প্রায় ৫০ জন।
১৪ দলের প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। তারা নেত্রকোনা হাসাপাতাল পরিদর্শন করে আহতদের সাথে কথা বলেন। এ সময় নেতারা তাদের চিকিৎসা সম্পর্কেও খোঁজ খবর নেন।
এছাড়া নেতৃবৃন্দ বোমা হামলার ঘটনাস্থল উদীচী শিল্প গোষ্ঠির জেলা কার্যালয় পরিদর্শন করেন।
১৪ দলের প্রতিনিধি দলটি হামলায় হতাহতদের বাসভবনও পরিদর্শন করবেন।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন সাইফুদ্দিন আহমেদ মানিক, কেএম জাহাঙ্গির এবং সাবের হোসেন চৌধুরী।
এদিকে বোমা হামলার ঘটনায় আওয়ামী লীগ জেলায় শনিবার প্রতিবাদ সমাবেশ এবং রোববার সকাল -- সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
