২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে জুয়েল, জঙ্গি সন্দেহে দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তার অব্যাহত, আপডেট

গাজীপুর থেকে গ্রেপ্তারকৃত জেএমবির আঞ্চলিক নেতা এনায়েতউল্লাহ জুয়েল গুররুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। তার তথ্য অনুযায়ী পুলিশ সহযোগীদের নাম, গাজীপুর অপারেশনের ছক ও গাজীপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের হত্যার তালিকা উদ্ধার করেছে। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার অব্যাহত রয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

খুলনা, টাঙ্গাইল, বরিশাল ও মাদারীপুর, পঞ্চগড়, ময়মনসিংহ, কুড়িগ্রাম থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ(জেএমবি)’র সদস্য সন্দেহে বুধবার দিন ও মঙ্গলবার রাতে ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি পুলিশের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানান, গাজীপুর থেকে আটক জেএমবির আঞ্চলিক নেতা রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। তবে এ ব্যাপারে পুলিশ সুপার আতিকুল ইসলাম মুখ খুলছেন না।

এদিকে জুয়েল তেলিপাড়া এলাকায় যে বাড়িতে ভাড়া থাকত তার মালিক এনএসআই- এর সাবেক ওয়াচার মোহাম্মদ নেছার উদ্দিনকে পুলিশ উত্তরা থেকে আটক করেছে। এছাড়া মঙ্গলবার রাতে পুলিশ গাজীপুরের বিভিন্ন স্থান থেকে দুলাল রবি দাস (৩৪), হরে কৃষ্ণ সাহা (৫২), লাল মিয়া (৩৫), রুমন (১৬), রিপন (১৬) ও জালালকে (৪০) আটক করেছে। 

বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, জেএমবি’র নেতা  সন্দেহে  মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার দুপুরে খুলনার বয়রা জংশন রোড় এলাকা থেকে এক ডাক্তারকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ডা. লিয়াকত বিন আব্দুল্লাহ (৪৮) মংলা বন্দর কর্তৃপরে সিনিয়র মেডিক্যাল অফিসার।

সূত্র জানায়, লিয়াকত ‘সত্যিকারের মুসলিমের পরিচয়’ নামে দু’খন্ডের একটি গ্রন্থের লেখক। এছাড়া মঙ্গলবার গভীর রাতে পুলিশ বরিশাল সিরিজ বোমা হামলা মামলার আসামী মাওলানা মহিউদ্দিন ফারুকীকে (৪৫) গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেএমবি’র জঙ্গি সন্দেহে ধনবাড়ী ও টাঙ্গাইল থানা পুলিশ মঙ্গলবার রাতে মসজিদের এক ইমামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

ধনবাড়ী থানা পুলিশ কলেজপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ রজব আলী দেওয়ানকে (৫০) গ্রেপ্তার করে। তার বাড়ি দেলদুয়ার উপজেলার বৈলতলা গ্রামে।

এদিকে টাঙ্গাইল থানা পুলিশ পৌর এলাকার পাবদীখুলিয়া থেকে আজিজ বেপারীর ছেলে গাছ মিয়া (২৫) ও আলম মিয়ার ছেলে উজ্জ্বল মিয়াকে (২৫) গ্রেপ্তার করে।

বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার গাবতলী লঞ্চঘাট থেকে বুধবার ভোরে পুলিশ জঙ্গি সন্দেহে শাহীন আলম (১৬)  নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শাহীন পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে।

বিডিনিউজ মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুর সদর থানা পুলিশ বুধবার দুপুরে আদলত চত্বর থেকে জেএমবি’র সদস্য সন্দেহে শহিদুল ইসলাম (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ফুলতলা গ্রামে।

বিডিনিউজ পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড় থানা পুলিশ বুধবার দুপুরে যাত্রীবাহী মিনিবাসে তল্ল¬াশী চালিয়ে জেএমবি’র দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। এরা হল-দিনাজপুর উপশহরের নিউটাউন এলাকার মৃত ডাক্তার সৈয়দ ফজলুল করিমের ছেলে সৈয়দ আখতার হোসেন (২০) ও পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বামনকুমার সাহাপাড়া গ্রামের ফজলে আলমের ছেলে রেজাউল করিম (২৪)।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মিনিবাস যোগে তারা পঞ্চগড়ে আসছিল। পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকার রেজিষ্ট্রি অফিসের সামনে নিয়মিত বাস তল্লাশীকালে তাদেরকে আটক করা হয়। আটকের পর পরই পঞ্চগড় পুলিশ সুপার শফিকুল ইসলাম, এএসপি সার্কেল শেখ নাজমুল আলমসহ পুলিশ কর্মকর্তারা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন।

বিডিনিউজ ময়মনসিংহ প্রতিনিধি জানান, দুপুর ১টা পর্যন্ত কোতোয়ালী ও গফরগাঁও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে জেএমবি জঙ্গি সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকায় একটি বাসা থেকে জেহাদী গানের ক্যাসেট শোনার সময় এক মাদ্রাসা ছাত্রকে আটক করে। তার নাম আবদুল্লাহ আল মামুন (১৮)।

আপরদিকে মঙ্গলবার রাতে গফরগাঁও যাত্রা পুলিশ স্থানীয় রূপান্তর সিনেমা হল থেকে সবুজ ওরফে আরজু (১৮), ও মফিজুর রহমান (২৪) নামে দুই যুবককে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামে জঙ্গি সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের গতিবিধি এবং কথাবার্তা অসংলগ্ন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কুঁড়িগ্রামের শাপলা মোড় এলাকা থেকে মোশারফ হোসেন (২০) নামে এক যুবককে পুলিশ জঙ্গি সন্দেহে আটক করে। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার গারাডোবা গ্রামে।

অপর দিকে একই দিনে উলিপুর উপজেলার নতুন অনন্তপুর বাজারে এলাকাবাসী জঙ্গি সন্দেহে ফয়জুল কবীর (৪২) নামে আরো একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বাড়ী বরিশাল জেলার মুলাদি উপজেলার সুজাবাদ এলাকার বাহাদুরপুর গ্রামে। তার কাছে একটি ব্যাগ পাওয়া গেছে। তার গন্তব্য কোথায় জানতে চাইলে জবাব দেন ‘কবর’ এবং তিনি আল্লার নির্দেশে কুড়িগ্রাম এসেছেন বলে জানিয়েছেন।

তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে পুলিশ এখন তা প্রকাশ করছে না।