২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে বোমা হামলার অব্যাহত হুমকিতে দেশব্যাপী আতঙ্ক

সারা দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার মাধ্যমে জেলা প্রশাসন, আদালত, পার্ক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়া হুমকি দিয়েছে জঙ্গিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

চিঠি ও টেলিফোনে জেলা প্রশাসক, ইউএনও এবং প্রধান শিক্ষকদেরও প্রাণনাশের হুমকি দিয়েছে জেএমবিসহ বিভিন্ন জঙ্গি গ্র“প। পাবনায় বোমা হামলার আশঙ্কায় ইতোমধ্যে একটি শিশু পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে।

অব্যাহত হুমকির পরিপ্রেক্ষিতে সারাদেশে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে বিডিনিউজ প্রতিনিধিরা জানাচ্ছেন:

নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) মঙ্গল চট্টগ্রামের ২২ সাংবাদিককে হত্যা ও চট্টগ্রাম প্রেসক্লাব উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

এ ঘটনায় চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে আতংক বিরাজ করছে।

এ ব্যাপারে চট্টগ্রাম প্রেসক্লাব কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

হাতে লেখা চিঠিটি দুপুর ১টার দিকে সিপিসি সভাপতি আবু সুফিয়ানের হাতে আসে। চিঠিতে বলা হয়, চট্টগ্রামে তারা খুবই সংগঠিত।

সাংবাদিকদের বিশ্বাসঘাতক উলে¬খ করে হত্যা করা এবং প্রেসক্লাব উড়িয়ে দেওয়া হবে বলে চিঠিতে জানানো হয়।

এতে আরো উলে¬খ করা হয়, প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, প্রথম আলোর আবাসিক সম্পাদক, ফারুক ইকবাল, বিশ্বজিৎ চৌধুরী, অঞ্জন কুমার সেন, অমরেশ বৈদ্য, সুমী খান, আলী আব্বাস জেএমবির তালিকায় রয়েছে।

প্রেসক্লাব পরিচালনা পরিষদ পরবর্তী করণীয় নিয়ে বুধবার বৈঠবে বসবে।

এর আগে সোমবার প্রেক্লাবে সিসিটিভি ও মেটাল ডিটেক্টর বসানোর সিদ্ধান্ত নেয়া হয়।

পঞ্চগড়ের দু’টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা ও ছাত্রীদের ইসলামী শরীয়াহ অনুযায়ী পর্দা মেনে চলতে নির্দেশ দিয়েছে হিজবুল্লাহ গ্র“প নামের একটি জঙ্গি সংগঠন। অন্যথায় ভয়ঙ্কর কিছু ঘটানো হবে বলেও তারা হুমকি দিয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও বিকেলে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে ডাকযোগে পাঠানো হাতে লেখা চিঠিতে এ হুমকি দেওয়া হয়। পর্দা মেনে চলার এ বার্তা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকেও জানিয়ে দিতে তাদের নির্দেশ দেওয়া হয়।

পঞ্চগড় সরকারি মহিলা কলেজের প্রভাষক হাসনুর রশিদ বাবু ও সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করেন। তারা বিষয়টি পঞ্চগড় থানাকে অবহিত করেছেন বলে জানান।

শ্রীমঙ্গলে চা গবেষণা ইনস্টিটিউট বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে হরকাতুল জিহাদ। বিটিআরআইয়ের ভারপ্রাপ্ত পরিচালক এম শহীদুজ্জামান জানান, সোমবার দুপুরে তার নামে ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়। প্রেরকের স্থানে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নাম লেখা এ চিঠিতে বলা হয়, নিজের বুদ্ধি ও বিবেক অনুযায়ী কাজ করুন। চরমপত্রের অবহেলা করবেন, বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

মঙ্গলবার সকালে বিটিআইআর পরিচালক ঘটনাটি লিখিতভাবে শ্রীমঙ্গল থানার ওসিকে জানিয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চিঠিটি স্থানীয় ডাকঘর থেকে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

দিনাজপুরে জেলা প্রশাসক, জেলা জজ ও কাহারোল ইউএনওকে তিনদিনের মধ্যে মৃত্যুর হুমকি দিয়েছে জেএমবি। জেলা প্রশাসক কার্যালয়ে মঙ্গলবার সকালে পাওয়া চিঠিতে উল্লেখ করা হয়, আমি মরতে আসছি, তোমরা তৈরি হও। আমার ঠিকানা দিলাম। মরার পর আমার লাশ বাড়ি পৌঁছে দেবে। আমার লাশ বাড়িতে না গেলে আরও বিচারক মরবে।

হুমকির ব্যাপারে ব্যাপারে কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং জেলা প্রশাসন ও আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কুষ্টিয়ায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার পর এবার জেলা প্রশাসকের কাছে পাঁচ টুকরো কাফনের কাপড় পাঠিয়ে চিঠি পাঠিয়েছে জামা’আতুল মুজাহিদীন (জেএমবি)।

মঙ্গলবার বেলা ১১টার সময় ডাকযোগে ওই চিঠিটি জেলা প্রশাসক জামাল নাসের চৌধুরীর হাতে এসে পৌঁছায়। চিঠিতে বলা হয়েছে, তুইসহ তোর পাঁচজন কর্মকর্তা ভালোমন্দ খেয়ে নিস। তোদের জন্য কাফনের কাপড় পাঠালাম। তোরা খুব খারাপ কাজ করছিস।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

পুলিশসহ সংশ্লিষ্টরা ধারণা করছেন, জরুরি আইন শৃঙ্খলা সভা, ওয়ার্ডে ওয়ার্ডে জঙ্গিবিরোধী কমিটি গঠন, মসজিদে মসজিদে জঙ্গিবিরোধী খুৎবা পাঠ ও মিছিলসহ বিভিন্ন কর্মসূচি নেয়ায় জেলা প্রশাসনকে হুমকি দিয়ে এ চিঠি পাঠানো হয়েছে।

পাবনায় বোমা হামলার আশঙ্কায় শিশু পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া পাবনা জেলা স্কুলে মঙ্গলবার বোমা হামলার গুজব ছড়িয়ে পড়লে ছাত্রদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এছাড়া ঈশ্বরদীতে বোমাসদৃশ্য বস্তু পাওয়ার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার বেলা দেড়টার পর বোমা হামলা করা হবে বলে গোয়েন্দা সংস্থার এ ধরনের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়।

হামলার খবরে আইনজীবীসহ আদালতের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই এলাকাটি জনশূন্য হয়ে যায়। বোমা হামলার সম্ভাবনার কথা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করেছেন। এদিকে এর আগে জজ কোর্ট ও জেলা প্রশাসকের কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দানকারীর সন্ধান পেয়েছে হবিগঞ্জ পুলিশ। গ্রেপ্তারকৃত হুমকি দানকারীর নাম হাবিবুর রহমান। সে হবিগঞ্জ জেলা ছাত্রসেনা শাখার সাবেক সভাপতি এবং হবিগঞ্জ জামেয়া গাউছিয়া সুন্নিয়া একাডেমির শিক্ষক।

সিরাজগঞ্জে এর আগে কালেক্টরেট অফিসের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে হুমকির পর এবার টেলিফোনে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট খোরশেদ আলমকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। টেলিফোনে জেএমবি সদস্য পরিচয় দিয়ে প্রচলিত আইনে বিচার না করার জন্যে তাকে হুঁশিয়ার করে দেওয়া হয়। এছাড়া বেশ ক’দিন ধরেই বিভিন্ন কর্মকর্তাকে বিভিন্নভাবে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে জেলা প্রশাসন জেলার সমস্ত উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নিয়ে এক সভা করে।

ময়মনসিংহে জেলা প্রশাসক ও সদর উপজেলার ইউএনওকে জঙ্গিরা হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে। ডাকযোগে আসা চিঠিতে বলা হয়, এর আগে ইসলামি আইন চালুর দাবিতে আরও দু’বার জেলা প্রশাসক ও ইউএনওকে জেলা প্রশাসন ও প্রেসক্লাবে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও আইন চালু হয় নাই। তাই আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসক ও ইউএনওকে বোমা মেরে হত্যা করা হবে।

চিঠিতে শহীদুর রহমান পরিচয় দানকারী ব্যক্তি নিজেকে সুইসাইড দলের সদস্য ও ভালুকা থানা জামায়াতের আমির বলে উল্লেখ করে।

লক্ষ্মীপুরে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি জঙ্গিরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ রেজাকে টেলিফোনে এ হুমকি দিয়ে বলা হয়, মঙ্গলবার বোমা মেরে বিদ্যালয় উড়িয়ে দেওয়া হবে। বিদ্যালয়ে ১ হাজার ৬০ জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা দিচ্ছে।

হুমকির ব্যাপারে থানায় জানানো হলে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে তল্লাশি চালায়, কিন্তু কিছু পাওয়া যায়নি। বিদ্যালয়ে পুলিশ প্রহরা চলছে।

কুমিল্লায় বাখরাবাদ গ্যাস কোম্পানির ব্যবস্থাপকসহ দু’টি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জঙ্গিরা।

বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে জেএমবি মঙ্গলবার ডাকে চিঠি পাঠায়।

পৃথক চিঠিতে আগামী ১০ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে বাখরাবাদের প্রধান কার্যালয় এবং নবাব ফয়জুন্নেসা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও ওয়াইএমসিএ স্কুলের প্রধান শিক্ষককে অনুরূপ হুমকি দেওয়া হয়। পুলিশ মঙ্গলবার জেএমবি’র সুইসাইড স্কোয়াডের দুই সদস্যকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।