২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে বিদ্যুৎ সংকটের জন্যে জোট সরকারকে দায়ী করেছে আওয়ামী লীগ

সংসদের বিরোধী দল আওয়ামী লীগ অভিযোগ করেছে জোট সরকার দেশের বিদ্যুৎ খাতকে ধ্বংস করেছে। তাদের অভিযোগ, আওয়ামী লীগ আমলে দেশে বিদ্যুৎ উৎপাদন যেখানে ৩৫০০ থেকে ৩৮০০ মেগাওয়াট ছিলো বর্তমান সরকার তা ৩২০০ থেকে ৩৪০০ মেগাওয়াটে নামিয়ে এনেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

জাতীয় প্রেসক্লাবে ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতঃ সাফল্য, ব্যর্থতা এবং ভবিষ্যত পরিকল্পনা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ।

আওয়ামী লীগ অভিযোগ করে, ১৯৯৬ সালে তারা যখন ক্ষমতায় আসে তখন দেশের বিদ্যুৎ উৎপাদন ছিলো ১৬৪২ মেগাওয়াট। ক্ষমতার পাঁচ বছরে তারা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে প্রায় ৪০০০ মেগাওয়াটে পরিণত করে।

সেমিনারের মূল প্রবন্ধে নূহ উল আলম লেনিন বলেন, ক্ষমতায় থাকাকালীন  ৫ বছরে তারা বিদ্যুৎ উৎপাদন দ্বিগুন করেছে।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম এমপি,সৈয়দ আবুল হোসেন এমপি, সাবেক বিদ্যুৎ সচিব আকমল হোসেন, এবং ভূ-তত্ত্ববিদ ড. বদরুল ইমাম। 

সেমিনারে সাবেক পেট্টোবাংলা চেয়ারম্যান ড. হোসেন মনসুর একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি এতে জোট সরকারের আমলে জ্বালানি খাতের নাজুক অবস্থা তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান সরকার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদেশী বিভিন্ন কোম্পানির স্বার্থে কাজ করছে। তিনি বলেন, সাবেক জ্বালানি মন্ত্রী মোশাররফ হোসেনকে বিদেশী একটি কোম্পানির কাছ থেকে ঘুষ হিসেবে গাড়ি নেয়ার কারণে পদত্যাগ করতে হয়েছিলো।

তিনি আরো বলেন, জোট সরকারের আমলে জ্বালানি তেলের দাম কয়েক দফায় বেড়েছে।

এদিকে লেনিন তার প্রবন্ধে বলেন, দেশে বর্তমানে প্রতিদিনি ১২০০ থেকে ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকছে। গ্যাস সরবরাহ প্রয়োজনমত না থাকায় প্রতিদিনি বিদ্যুৎ উৎপাদন ২৫০ থেকে ৩০০ মেগাওয়াট পর্যন্ত কমছে।

তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা নেয় তখন দেশের মাত্র ৬৬৩৭টি গ্রামের ১২ লাখ লোক বিদ্যুৎ সুবিধা পেতো। কিন্তু ২০০১ সালে দলটি  যখন ক্ষমতা ছাড়ে তখন ১৬০২১ টি গ্রামের ৩৫ লাখ লোক বিদ্যুৎ সুবিধা পায়। তিনি বলেন, আওয়ামী লীগ বিদ্যুৎ উৎপাদনের জন্যে অনেক বেসরকারি উদ্যেক্তাদের উৎসাহী করেছিলো।

সেমিনারে বক্তারা বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির জন্যে জোট সরকারকে দায়ী করেন। আগামী ছয়মাসে বিদ্যুৎ উৎপাদন আরো ৫০০ মেগাওয়াট বাড়বে প্রধানমন্ত্রীর এমন ঘোষনাকে প্রতারণা বলে অভিহিত করেন নেতৃবৃন্দ।