২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অকৃষিজ পণ্যের বাজার প্রবেশাধিকার বাস্তবায়ন হলে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে

বেসরকারি প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মুশতাক আলী সোমবার বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী পরিষদের হংকং বৈঠকের বাণিজ্য সংক্রান্ত অকৃষিজ পণ্যের বাজার প্রবেশাধিকার (নামা) নিয়ে যে আলোচনা হচ্ছে, তা বাস্তবায়ন হলে বাংলাদেশসহ স্বল্পোন্নতদেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 08:29 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ঢাকা রিপোটার্স ইউনিটিতে ইনসিডিন বাংলাদেশ আয়োজিত ”অকৃষিজ পণ্যের বাজার প্রবেশাধিকার (নামা)” শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময়ে সংগঠনের অপর নির্বাহী পরিচালক রতন সরকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মুশতাক আলী বলেন, নামা’র বাস্তবায়ন দ্ররিদ্র দেশগুলোর বস্ত্র ও পোশাক খাতের জন্যেও উদ্বেগের বিষয়। ফলে সামগ্রিকভাবে এসব দেশের নারী শ্রমিকদের ব্যাপক কর্মচ্যুতি ঘটবে।

তিনি আরো বলেন, নামা’র ফ্রেমওর্য়াক কার্যত দেশের তৈরি পোশাক শিল্পের জন্য পশ্চাদসংয়োগ শিল্প গড়ে তোলার সম্ভবনাকে ধ্বংস করে দিচ্ছে।

রতন সরকার বলেন, নামা নিয়মাবলীতে বিশেষ বাজার সুযোগের ক্রমবিলুপ্তি সংক্রান্ত ধারা যুক্ত করার প্রচেষ্টা উন্নত দেশগুলোর অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বাতিলের মাধ্যমে দেশের বস্ত্রখাতের শ্রমিকদের কর্মহীন করে তুলবে।

তিনি বলেন, রুলস অব অরিজিনের বিষয়টি আলোচনার বাইরে রেখে নামা ও শুল্ক বহির্ভূত বাধাসমূহ নিয়ে আলোচনার মাধ্যমে কার্যত দেশের বস্ত্রখাত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।

সংগঠনের পক্ষ থেকে সরকারের ও নীতিনির্ধারকদের প্রতি আহবান জানানো হয়, দেশের শিল্পসহ সামগ্রিক উন্নয়নকে ব্যাহত করতে পারে, এ ধরনের কোন নতুন চুক্তি সম্পাদন করা থেকে বিরত থাকা।