দেশের বিভিন্ন স্থানে জঙ্গি সন্দেহে ৩৫ জন আটক, ১ম লিড
দেশের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ এবং র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) রোববার রাত ও সোমবারে ইসলামী জঙ্গি সন্দেহে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে।
সুনামগঞ্জ, ফেনী, মানিকগঞ্জ, খুলনা, মুন্সীগঞ্জ, নীলফামারী, পটুয়াখালী ও নওগাঁ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ রোববার সন্ধ্যায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ জন সন্দেহভাজন জেএবি সদস্যকে আটক করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২২ জনের বাড়ি কুষ্টিয়ায়, দুই জনের বাড়ি ঝিনাইদহে এবং একজনের বাড়ি রাজবাড়ী জেলায়। তারা ফেরিওয়ালা বেশে সন্ধ্যায় দিরাই কলেজে অবস্থান নিয়েছিল। পরে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো-সাদ্দাম হোসেন (১৬), জয়নাল (২৫), মাসুদ (১৯), মিন্টু শেখ (১৮), শাহ আলম (২১), জিল্লু হোসেন (১৫), মো. আশরাফুল (১৭), মো. ইউনুস আলী (১৮), জাহাঙ্গীর ইসলাম (১৯), শাহজাহান (২২), বিন্টু আলী (১৭), আকমল হোসেন (২৩), বাকু শেখ (১৭), স্বপন মিয়া (২০), খোকন আলী (১৬), আকমল শেখ (৪২), আমজাদ মণ্ডল (২১), মো. আশরাফুল ইসলাম (১৮), আব্দুল মজিদ (২০), মিজান হোসেন (১৭), মো. ইসলাম (৩৮), আব্দুস সাত্তার (১৭), আব্দুল লতিফ (২৫), মিজানুর রহমান (১৯) ও উজ্জল হোসেন (১৮)। এই ঘটনার প্রেক্ষিতে জেলার সকল সরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে স্থানীয় আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ ফেনী প্রতিনিধি জানান, ফেনী পুলিশ রোববার রাত ৯ টায় শহরের হোটেল প্রিতম থেকে আতাউল্লাহ নামে সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে আটক করেছে। লালপুল সলতানিয়া মাদ্রাসার ছাত্র আতাউল্লাহর বাড়ি কুমিল্লার লাঙ্গল কোটে।
বিডিনিউজ মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ জঙ্গি সন্দেহে রোববার রাতে ইয়াকুব আলী নামে এক মাদ্রসা শিক্ষককে আটক করেছে। তার বাড়ি ফেনীর পীরগঞ্জ গ্রামে। সম্প্রতি সে শিবালয়ের একটি মসজিদের কোরআন শিক্ষক হিসেবে যোগ দেয়। গ্রেপ্তারের পর তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, রোববার গভীর রাতে খুলনার রূপসা উপজেলার বাধাল গ্রাম থেকে পুলিশ নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য হামবুবুর রহমানকে (২৬) গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার কাছ থেকে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের মোবাইল নম্বরসহ ইসলামী বই ও স্মরণে শহীদ, বাঁচলে গাজী লেখা সম্বলিত বেশ কিছু কাগজ পত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাহবুব বাধাল গ্রামের আলী শেখের ছেলে।
বিডিনিউজ মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের দোওভোগস্থ দরুল উলম মাদ্রাসা থেকে সোমবার ভোরে জঙ্গি সন্দেহে হারুনুর রশিদ (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে।
গেপ্তারকৃত হারুনুর রশীদের বাড়ি চুয়াডঙ্গার করাইলের পোস্ট অফিস পাড়ায়। তার বাবার নাম নওশাদ আলী।
পুলিশ জানায়, গাজীপুর পুলিশের ওয়্যারলেস ম্যাসেজের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারী পুলিশ সোমবার ভোরে সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টার থেকে জেএমবি সন্দেহে চারজনকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার কীত্তনিয়া পাড়ার হাফেজ আবু বক্কর, দলবাড়ি গ্রামের হাফেজ নজরুল ইসলাম, চওড়া বড়গাছা কুড়িগ্রাম পাড়ার হাফেজ ইউনুস আলী এবং স্বাস্থ্য কেন্দ্রের নৈশ প্রহরী বাবুল হোসেন।
বিডিনিউজ পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালী সদর থানা পুলিশ মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী থেকে জেএমবি’র কমান্ডার হাফেজ আল আমিনী ওরফে আব্দুল¬াহ ওরফে মিন্টুকে (২৮) গ্রেপ্তার করেছে।
আব্দুল¬াহ নামে পরিচিত মিন্টু বরগুনার ইসলামপুর গ্রামের আবদুল খালেক মোল¬ার ছেলে।
পুলিশের কাছে জবানবন্দিতে মিন্টু ১৭ আগস্ট পটুয়াখালীতে বোমা হামলায় জড়িত বলে স্বীকার করেছে।
বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, জঙ্গি সন্দেহে র্যাব-৫ নওশের আলী (২৪) নামে এক যুবককে আটক করে নওগাঁ থানায় সোপর্দ করেছে। সোমবার দুপুর ১টায় নওগাঁ পৌরসভার পিরোজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নওশের আলী নিয়মিত জেএমবির বই, পত্র পত্রিকা পড়তো এবং চাঁদা প্রদান করতো।
শহরতলীর ঢাকা রোডে নওশের আলীর ওষুধের দোকান রয়েছে।
