২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের বিরুদ্ধে গণ সচেতনতা গড়ে তুলতে সরকার সংবাদ মাধ্যম ও সমাজ নেতৃবৃন্দের সহায়তা চেয়েছে

সাম্প্রতিক সময়ে দেশে অব্যাহত বোমা হামলার প্রেক্ষিতে সরকার ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে গণ সচেতনতা গড়ে তুলতে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ মাধ্যম ও সমাজ নেতৃবৃন্দের সহায়তা চেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এছাড়াও মন্ত্রাণালয় জঙ্গিদের বিস্ফোরক সরবরাহকারী সূত্র অনুসন্ধান এবং উগ্রপন্থী মৌলবাদীদের নেটওয়ার্ক ধ্বংস ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের জন্যে র‌্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছে।

রোববার দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময়ে অন্যান্যের মধ্যে র‌্যাবের মহাপরিচালক আব্দুল আজিজ সরকার এবং সকল ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসাররা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, জেএমবির দুই প্রধান নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাই দেশেই অবস্থান করছে। এ ব্যাপারে র‌্যাবের কাছে তথ্য আছে।

তিনি আরও বলেন, আত্মঘাতী বোমাবাজ, তাদের ঘাঁটি ও বিস্ফোরক সরবরাহকারীদের চিহ্নিত করতে বর্তমান নেটওয়ার্ক যথেষ্ট না হওয়ায় গোয়েন্দা সংস্থাকে তাদের নেটওয়ার্ক জোরদার করতে বলা হয়েছে।

অন্যদিকে ধর্মান্ধতা প্রতিরোধ করতে ইমাম ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দকে জনগণের কাছে কোরআন ও হাদীস ব্যাখ্যা করতে বলা হয়েছে। 

বাবর বলেন, দ®কৃতিকারীদের শাস্তির দেওয়ার ক্ষেত্রে প্রচলিত আইন যথেষ্ট কার্যকর না। তাই বোমা হামলার ব্যাপারে ব্যাপারে নতুন আইন প্রণয়ন করা প্রয়োজন।   

এক প্রশ্নের জবাবে তিনি জঙ্গি নেতৃবৃন্দ গ্রেপ্তারে গোয়েন্দা সংস্থা ব্যর্থ এ বথা অস্বীকার করেন।

এ সময়ে তিনি গোয়েন্দা সংস্থার সদস্যদের ধন্যবাদ জানান। কারণ তারা অনেক সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারে সমর্থ হয়েছে।

প্রতিমন্ত্রী জঙ্গিবাদ মোকাবেলাকে সরকার ও গোয়েন্দা সংস্থার জন্যে চ্যালেঞ্জ হিসেব উল্লেখ করেন।

বৈঠকের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বৈঠককালে মন্ত্রী র‌্যাবকে জঙ্গিদের বিস্ফোরক সরবরাহকারী সূত্র এবং নেতৃব্দৃকে গ্রেপ্তারের মাধ্যমে জঙ্গি নেটওয়ার্ক ধ্বংসের নির্দেশ দিয়েছেন। 

বৈঠকে উপস্থিত র‌্যাবের ঊর্দ্ধতন এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, জঙ্গি মোকাবেলায় বৈঠকে তারা মন্ত্রীর কাছে আরও দুটি র‌্যাব ব্যাটালিয়ন গঠন ও অস্ত্রশস্ত্রের প্রস্তাব দিয়েছেন।

পুলিশদেরকেও জঙ্গি মোকাবেলায় নতুন পন্থা ব্যবহার করতে বলা হয়েছে। এ ব্যাপারে এস এম মিজানুর রহমান বিডিনিউজকে বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে আমাদের জঙ্গি নেটওয়ার্ক ধ্বংসের পাশাপাশি জঙ্গি নেতাদের গ্রেপ্তার করতে হবে।