২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার বাবারে এনে দাও: গাজীপুরে বোমা হামলায় নিহত আইনজীবীর মায়ের আহাজারি

‘আমার বাবারে এনে দাও। সকালে গরম ভাত খাইয়া কোর্টে গেল। আর ফিরা আইল না।’ কথাগুলো বলে থেমে গেলেন গাজীপুরে ২৯ নভেম্বর বোমা হামলায় নিহত আইনজীবী নূরুল হুদার মা রোকেয়া বেগম (৪৫)।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

মাত্র কয়েক সেকেন্ড। তারপর হাউমাউ করে কেঁদে উঠলেন, এত সরল--সোজা ছেলে আমার। কেডা ওর এই সর্বনাশ করল। তার তো কোনও দুশমন ছিল না।

প্রতিবেশিদের কারও কোন প্রবোধ তাকে শান্ত করতে পারছিল না।

রোববার দুপুরে শহরের চতর এলাকার নূরুল হুদাদের বাসায় মায়ের আহাজারির সময় উপস্থিত প্রতিবেশিদের চোখে পানি এসে যায়। রোববার সকাল সোয়া ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নূরুল হুদার মৃত্যুর সময় মা সেখানেই ছিলেন। কিন্তু টানা সাত দিন নাওয়া--খাওয়া--ঘুম না থাকায় তাকে জোর করেই আত্মীয় স্বজনরা বাসায় পাঠিয়ে দেন।

প্রতিবেশিরা জানান, নুরুল হুদার বাবা আবুল কাশেম সমরাস্ত্র করাখানায় চাকুরি শেষে বর্তমানে অবসর জীবনযাপন করছেন। তাদের পাঁচ সন্তানের মধ্যে নূরুল দ্বিতীয়।

নূরুলের বোন নূরজাহান বলেন, ভাইটার বিয়ের কথা বার্তা চলছিল। ওইদিনও (২৯ নভেম্বর) তার দুই ভাগ্নী স্বর্ণা (১২) ও মনিকার (৯) সাথে খেতে বসে খুনসুটি করে।

বিলাপ করে নূরজাহান বলেন, ভাইদের মধ্যে নূরুল বড় আর খুবই সম্ভাবনাময় ছিল। ওর ওপর পরিবারের কত ভরসা ছিল... সব শেষ হয়ে গেল।

নূরুল হুদার সহকর্মী অ্যাডভোকেট শহীদুল ইসলাম জানান, নূরুল তিন বছর ধরে আইন পেশায় থেকেই নরম স্বভাব, যুক্তি--বুদ্ধি ও সততা দিয়ে খুব জনপ্রিয়তা অর্জন করেন। তিনি আইনজীবী সমিতি’র নির্বাচিত সদস্য ছিলেন।

২৯ নভেম্বর বোমা হামলায় নিহত অপর আইনজীবী আমজাদ হোসেনের জুনিয়র হিসেবে নূরুল কাজ করতেন। বাসতেনও সিনিয়রের পাশে। বোমা হামলায় অন্যদের সাথে এ দু’জনই গুরুতর আহত হন।

ঘটনার দিন দুপুরে আমজাদ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ছয়দিন মৃত্যুর সাথে লড়াই করে রোববার সকালে নূরুল হুদা মারা যান।

চিকিৎসকদের বরাত দিয়ে অ্যাডভোকেট হাবিব বলেন, একটি বড় স্পি­ন্টার নূরুলের ডান কিডনিতে আঘাত করে। ওই কিডনি কেটে ফেলেও তাকে বাঁচানো গেল না।

রোববার বিকেল সাড়ে ৩টায় ঢাকা মেডিক্যাল থেকে নূরুলের মরদেহ তার কর্মস্থলে আনা হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। এসময় তার সহকর্মীরা কফিনে ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিকেল ৪টায় রাজবাড়ি মাঠ ও ৫টায় চতরে নামাজে জানাজা শেষে নূরুলকে পৌর গোরস্থানে দাফন করা হয়।

গাজীপুরে ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বরে আত্মঘাতী জঙ্গি বোমা হামলায় নূরুল হুদাসহ ১০ জনের মৃত্যু হলো।