২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রতিক বোমা হামলার ঘটনায় উদ্বিগ্ন বিদেশি ক্রেতারা

বাংলাদেশী পণ্যের বিদেশি ক্রেতারা দেশজুড়ে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের ঘটনাগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশীয় রপ্তানিকারকদের মাধ্যমে পরিস্থিতি সম্পর্কে প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 05:21 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

রপ্তানিকারকরা জানান, বোমা হামলার ঘটনা যদি চলতে থাকে, তবে তা দেশীয় রপ্তানি এবং  বিদেশী বিনিয়োগের ওপর খুবই খারাপ প্রভাব ফেলবে।

বাংলাদেশ চামড়া, চামড়াজাত পণ্য এবং পাদুকা রপ্তানিকারক সমিতির সভাপতি টিপু সুলতান বলেন, আমাদের ইউরোপীয় এবং জাপানি ক্রেতারা দেশে বোমা হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আমাদের দেশের বর্তামান পরিস্থিতি সম্পর্কে জানতে খুবই উদগ্রিব।

সুশীল সমাজের নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীগণ ধারাবাহিক বোমা হামলার ঘটনার কঠোর সমালোচনা করে বলেন, দেশের এই অস্বাভাবিক ভাবমূর্ত ও পরিস্থিতি রপ্তানি তথা অর্থনীতিকে এক বিপর্যয়ের পথে নিয়ে যাবে।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক জানান, ইসলামের নামে দেশে যা হচ্ছে, তা আমাদের রপ্তানি বাজারকে প্রভাবিত তথা ক্ষতিগ্রস্ত করতে যথেষ্ট।

হক বলেন, ক্রেতারা উদ্বিগ্ন এবং আমরা তাদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি।

টিপু সুলাতান জানান, ইসলামি জঙ্গিদের বোমা হামলার ঘটনা বর্তমানে জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে, কিন্তু দেশের কোনও রাজনৈতিক দলই এটি মোকাবেলা করতে পারবে বলে মনে হচ্ছে না।

তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলো এ সমস্যা সমাধানে ব্যর্থ হয়, তাহলে দেশ একটি গোরস্তানে পরিণত হবে এবং এর সাথে সাথে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি’র (বিজিএমইএ) সভাপতি টিপু মুন্সি বোমা হামলার ঘটনাকে জাতীয় বিপর্যয় উল্লেখ করে জানান, এ সকল ঘটনা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। 

তিনি জানান, মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্র ব্যবস্থাপনায় সমস্যা ও অর্থ ঘাটতির কারণে ইতোমধ্যেই দেশের অর্থনীতি বিপদের মধ্যে রয়েছে। এছাড়া তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায়ও দেশের অর্থনীতি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যবসায়ী নেতারা আরও জানান, এ অবস্থায় দেশি ও বিদেশি নতুন বিনিয়োগ লাভ করা কঠিন হয়ে পড়বে।