চট্টগ্রামের ভাটিয়ারি শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৩ শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি শিপইয়ার্ডে ভেঙ্গে ফেলা একটি জাহাজের ট্যাংকে পড়ে গ্যাসের বিষক্রিয়ায় তিন শ্রমিক মারা গেছে। পুলিশ রোববার একথা জানায়।
নিহতরা হচ্ছে--বরিশালের লাকুটিয়া থানার ইসলাম চৌধুরীর ছেলে আবুল কালাম (৩৫), জামালপুরের আব্দুল হক মন্ডলের ছেলে মোহাম্মদ রফিক (৩৩) এবং ময়মনসিংয়ের নান্দাইলের মমতাজ মুন্সীর ছেলে মোহাম্মদ সিদ্দিক (৩৫)।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাটিয়ারির সাগরিকা শিপইয়ার্ডে শনিবার রাত সাড়ে সাতটার দিকে ওই তিন শ্রমিক যখন জাহাজ ভাঙ্গার কাজে নিয়োজিত ছিল তখন হঠাৎ করে রশি ছিঁড়ে তারা জাহাজের ট্যাংকের ভিতর পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তারা ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যায়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানা পুলিশ একটি মামলা দায়ের করেছে।
