সারা দেশে মহিলাসহ সন্দেহভাজন দেড় শতাধিক জেএমবি সদস্য আটক
দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত জেএমবি সন্দেহে ১৫০ জনকে আটক করেছে। অন্যদিকে র্যাব সদস্যরা রংপুর থেকে জামাতে ইসলামীর একজন নেতাকে আটক করেছে।
রংপুরে আটক জামাত নেতার নাম, ইকরামুল হক। সে জেলা মজলিশ ই সূরার একজন সদস্য। র্যাব সদস্যরা তাকে ছাত্র শিবিরের ঘাটি হিসেবে পরিচিত শহরের কামার পাড়া এলাকা থেকে আটক করে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় ইসলামী ছাত্র শিবির নিয়ন্ত্রিত বহু মেস রয়েছে। ইকরামুল হক ওই এলাকায় একটি প্রেস পরিচালনা করে।
জামাতের কোনও নেতা গ্রেপ্তার হয়েছে কিনা, এ ব্যাপারে জামাতে ইসলামীর সহকারি মহাসচিব আব্দুল কাদের মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইকরামুল হক নামে দলে দায়িত্বশীল কোনও নেতা আছে কিনা, তা আমি মনে করতে পারছি না।
জামাতের কোনও নেতা গ্রেপ্তার হয়েছে কিনা তা তিনি জানেন না বলে জানান।
তিনি বলেন, এটা হবিগঞ্জের সাইদুর রহমান গ্রেপ্তার হওয়ার মত কোনও ঘটনা হতে পারে। ১০ বছর আগে সাইদুর রহমান জামাতে ছিলেন।
রংপুর জেলা জামাতের মহাসচিব বেলাল হোসেন বলেন, ইকরামুল হককে আমাদের কামারপাড়া কার্যালয়ের কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আমাদের চিনতেন আমরাও তাদের চিনতাম ব্যাস, এতটুকুনই। সে জামাতের কেউ না।
বিডিনিউজ চট্টগ্রাম ব্যুরো জানান, গরীর ঘাটফরহাদবাগ এলাকা থেকে জেএমবি সন্দেহে জুয়েল (১৭) নামে একজন মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। কোতয়ালী থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
এছাড়া রাজধানী ঢাকাসহ সারা দেশের ব্লক রেইডে দেড় শতাধিক সন্দেহভাজন জেএমবি সদস্য গ্রেপ্তার হয়েছে।
রাজধানীর বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ১২০জন সন্দেহভাজন জেএমবি সদস্যকে আটক করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে এবং তাদের সাথে জঙ্গিদের সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটে জেএমবি সদস্য সন্দেহে শনিবার একজনকে আটক করা হয়েছে। আটককৃত ওবায়দুর রহমানের (২২) বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার রামদিয়া গ্রামে।
পুলিশ জানায়, ওবায়দুর শনিবার দুপুর দেড়টায় লালমনিরহাট জেলার সদর থানার বড়বাড়ি হাটের এক নাপিতের দোকানে দাড়ি কাটছিল। এসময় এলাকাবাসী তাকে জেএমবি’র জঙ্গি সন্দেহে আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ ব্যাপারে লালমনিরহাটের পুলিশ সুপার মেজবাহ উদ্দিন পিপিএম’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওবায়দুরের সাথে জেএমবি’র সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করা যায়নি। তারা খোঁজখবর নিচ্ছেন।
তাকে ৫৪ ধারায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি উলে¬খ করেন।
বিডিনিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আদালত পাড়া ও বন্দরের ফরাজী কান্দা এলাকা থেকে পুলিশ শনিবার জেএমবি সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে জেএমবি’র বেশ কিছু প্রকাশনা ও জেহাদী লিফলেট উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- সাইদুর রহমান শিপলু (২২), জয়নাল আবেদীন (৩০) ইয়াহিয়া (৩২), আবু সায়েম (৩০) এবং মিজানুর রহমান (২৮)।
পুলিশ জানায়, শনিবার ভোরে বন্দর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফরাজী কান্দা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জেএমবি সদস্য সাইদুর রহমান শিপলুকে (২২) গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে ১৭ আগস্ট নারায়ণগঞ্জে বোমা হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
অন্যদিকে শনিবার দুপুরে আদালত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ জয়নাল ও ইয়াহিয়াকে গ্রেপ্তার করে। পরে তাদের বক্তব্য অনুযায়ী সায়েম ও মিজানুরকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ দিনাজপুর প্রতিনিধি জানান, পুলিশ শনিবার ভোর রাতে দিনাজপুরের বালুবাড়ী শাহী মসজিদের পাশের একটি বাড়ি থেকে একটি ককটেল উদ্ধার করে। এসময় জেএমবি সন্দেহে চারজনকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বালুবাড়ী মসজিদের পাশে মান্নান চৌধুরীর ভাড়া বাসার ছাদ থেকে পুলিশ লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল উদ্ধার করে। এসময় সেখান থেকে জেএমবি সদস্য সন্দেহে গোলাম ইবনে মিজান (২৩), মো: খোরশেদ আলম (২৩) মো: আবুল বাশার লিটু (২০) ও মো: আবু তাহের সুমনকে (৫০) আটক করে পুলিশ।
বিডিনিউজ হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জ শহরে শনিবার দুপুরে জেএমবি সদস্য সন্দেহে আলী হোসেন (৪০) নামে লালমনিরহাটের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। শহরের নিউ মুসলিম কোয়র্টার এলাকায় ভিক্ষুক বেশে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়।
পুুলিশ জানায়, আলী হোসেনের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায়। তার বাবার নাম আবদুল শরীফ মুন্সী।
২৫ নভেম্বর সে হবিগঞ্জ আসে এবং এরপর থেকে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন হোটেল শাপলায় অবস্থান করে। আলী হোসেনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
বিডিনিউজ মৌলভীবাজার প্রতিনিধি জানান, জঙ্গি সন্দেহে পুলিশ শনিবার ভোরে মৌলভীবাজারের দারুল উলুম টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক চৌধুরীকে (৩৯) গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, শহরের শাহ মোস্তফা সড়কের বাসভবন থেকে তাকে ৫৪ ধারায় আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত অধ্যক্ষ মনজুরুল হকের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। ১৭ আগস্ট দেশজুড়ে বোমা হামলার পর ঢাকায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তারকৃত মাওলানা মাসউদুর রহমান তার ভগ্নিপতি।
বিডিনিউজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান--ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশ সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে গেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হল-- কিশোরগঞ্জের দড়িকাপুরের কছম আলীর ছেলে আসাদ (৩৫) এবং একই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৩৫)।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে আশুগঞ্জ বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে সন্দেহভাজন আট জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।
কালিহাতি থানা পুলিশ মাসুম বিন আজাদ (২৫) নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, মাসুমের পুরো পরিবার জেএমবি’র সাথে জড়িত। তার ভাই আরমান বিন আজম কালিহাতি ও ঢাকায় ১৭ আগস্ট সিরিজ বোমা বিস্ফোরণের সাথে জড়িত ছিল।
টাঙ্গাইল থানা পুলিশ রামদেব গ্রামের জহিরুল হক (২২), গড়াসিন গ্রামের আল মাসুম (৩২), কুমুল্লী নামদার গ্রামের নুর আহম্মদ খান, দেলদুয়ার থানা পুলিশ মীর কুমুল্লী গ্রাম থেকে মনির হোসেন (২০), সিংরাগী গ্রামের আবিদ সিদ্দিকি (১৭) এবং বাসাইল থানা পুলিশ বিলপাড়া গ্রাম থেকে সোনা মিয়াকে (২০) আটক করে।
বিডিনিউজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের প্লাটফরম থেকে শুক্রবার গভীর রাতে সদর থানা পুলিশ জেএমবি সদস্য সন্দেহে চার মাদ্রাসা ছাত্রকে আটক করে। সন্দেহজনকভাবে ঘোরাফেরা দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তাদের আটক করা হয়।
তবে পুলিশ আটককৃতদের পরিচয় প্রকাশ করতে অপারগতা প্রকাশ করে। এ ব্যাপারে পুলিশ সুপার রেজাউল করিম জানান, সদর দপ্তরের নির্দেশে এখন থেকে সাংবাদিকদের কাছে কোন তথ্য দেয়া যাবেনা।
অন্যদিকে যশোরেও জেএমবি সন্দেহে শনিবার দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার হয়েছে।
বিডিনিউজ বগুড়া প্রতিনিধি জানান, জেলার কাহালু থানা পুলিশ শনিবার দুপুরে উপজেলার ভাগদুবড়া গ্রামে অভিযান চালিয়ে জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে তিন মহিলাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলোÑ ওই উপজেলার মুরইল ইউনিয়নের ভাগদুবড়া গ্রামের মালেক উদ্দিনের ছেলে হাফেজ ময়েজ উদ্দিন (৪৮), তার দুই স্ত্রী রেহেনা বিবি ও আয়না বিবি, ভাই রিয়াজুল ইসলাম (৩৩), সাকাটিয়া গ্রামের মৃত সোলায়মান আলীর স্ত্রী ছায়রা বিবিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে কিছু ধর্মীয় বই উদ্ধার করে।
এছাড়া পুলিশ পাঁচপীর প্রতাপপুর গ্রামের নির্মাণ শ্রমিক আজিজারের বাড়িতে হানা দিলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ গ্রেপ্তারকৃতদের স¤পর্কে সাংবাদিকদের কাছে কোনো তথ্য সরবরাহ করছে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশী অভিযান অব্যাহত ছিল।
বিডিনিউজ গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইন্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদর থেকে শনিবার সন্ধ্যায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় জেএমবি সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার আমিনুর, রহমান, জহুরুল ইসলাম, মাহবুবুল ইসলাম, রংপুরের মিঠাপুকুর উপজেলার নূর হাসান, লালমনিরহাট জেলার পাট গ্রামের সাজেদুল ইসলাম ইসলাম সাজু, সুন্দরগঞ্জ উপজেলার এনামুল হক এবং আব্দুল্লাহ আল ইমন।
বিডিনিউজ চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর থানা পুলিশ শুক্রবার গভীর রাতে জেএমবি সদস্য সন্দেহে চাঁদপুরে বিভিন্ন স্থান থেকে আলহাজ্ব মাওলানা মুফতি ইব্রাহিম (৩৫), সাইফুর ইসলাম (১৭) এবং রাসেলকে (১৮) গ্রেপ্তার করে। তবে পুলিশ তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
অন্যদিকে ফরিদুপুর কোতোয়ালী থানা পুলিশ বৃহস্পতিবার রাতে জেএমবি সন্দেহে রায়হান (২১) নামে এক যুবককে আটক করেছে। শনিবার প্রথম শ্রেনীর ম্যজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন প্রর্থনা করে পুলিশ।
বিডিনিউজ যশোর প্রতিনিধি আরো জানান, শার্শা থানা পুলিশ হাফেজ নাজিম উদ্দিন নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে। আটকের পর সে পুলিশের কাছে ১৭ আগস্ট বরগুনায় বোমা হামলার সাথে তার সম্পৃক্তার কথা স্বীকার করেছে।
