২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর সমুদ্রবন্দরের সম্ভাব্যতা যাচাই জরিপের ঠিকাদারি চলতি মাসেই দেওয়া হবে

চলতি ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ে জরিপ পরিচালনা করতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 05:27 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নেপাল চন্দ্র সরকার জানান, প্রস্তাব পাঠানোর জন্যে আমরা সংক্ষিপ্ত তালিকায় থাকা সাতটি প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি। তাদের মাসের ৭ ডিসেম্বরের মধ্যেই মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা চিঠিতে বলা হয়েছে।

তিনি জানান, সাতটি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান দরপত্রের কাগজপত্র সংগ্রহ করেনি।

সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে-- জার্মানির এইচপিসি হামবার্গ পোর্ট কনসালটিং, নেদারল্যান্ডের রয়াল হাসকোনিং, অস্ট্রেলিয়ার কোলেন গ্রোমিট প্রাইভেট লিমিটেড, জাপানের প্যাসিফিক কনসালট্যান্টস ইন্টারন্যাশনাল, ফ্রান্সের বিসিইওএম, কানাডার সিপিসিএস ট্রান্সকম লিমিটেড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাথান অ্যাসোসিয়েটস।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ৭ ডিসেম্বরের মধ্যেই নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে তাদের চূড়ান্ত প্রস্তাব পেশ করতে বলা হয়েছে।

স্থানীয় কনসালট্যান্ট প্রতিষ্ঠানের সহযোগিতায় দুই মিলিয়ন মাকির্ন ডলার ব্যয়সাপেক্ষ এক বছরব্যাপী ওই সম্ভাব্যতা যাচাই সমীক্ষা পরিচালনার দায়িত্ব একটি আন্তর্জাতিক কনসালটিং প্রতিষ্ঠানকে দিতে মে মাসের শেষের দিকে মন্ত্রণালয় দরপত্র আহ্বান করে।

দরপত্র আহ্বানের পর সরকার ২৪টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাড়া পায়।

যুগ্ম সচিব বিডিনিউজকে বলেন, একটি মাত্র প্রতিষ্ঠানকে ওই সমীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।

তিনি বলেন, চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানকে কাজ স্থান, আনুষঙ্গিক সুবিধা, অবকাঠামো সংক্রান্ত তথ্য, কাজের প্রকৃতি এবং প্রকল্পের কারিগরি, সামাজিক ও আর্থিক দিকগুলোর বিশ্লেষণধর্মী তথ্য প্রস্তাবে উল্লেখ করতে হবে।

তিনি আরও বলেন, গভীর সমুদ্র বন্দরে জাহাজে মালামাল ওঠানামার (ট্রান্সশিপমেন্ট) কাজ সংক্রান্ত সম্ভাবনার বিষয়টি সমীক্ষার আলোকে পরীক্ষা করে দেখা হবে।

স্বল্প মেয়াদি (৫ থেকে ১৫ বছর), মধ্য মেয়াদি (১৫ থেকে ৩০ বছর) এবং দীর্ঘ মেয়াদি (৩০ থেকে ৫০ বছর)-- এই তিন পর্যায়সহ বিভিন্ন পর্যায়ে সমুদ্র বন্দরটির উন্নয়নের জন্যে কী পরিমাণ অর্থ খরচ হবে এবং কী পরিমাণ বিনিয়োগের প্রয়োজন হবে, তা ওই নির্বাচিত প্রতিষ্ঠানকে নির্ধারণ করতে হবে।

বিশ্লেষকরা বলছেন, গভীর সমুদ্র বন্দর প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানো সম্ভব হবে।

এখনও দেশের নব্বই শতাংশ বাণিজ্যের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর ব্যবহার করা হয়ে থাকে।