২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির হুমকি: কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ ও রাজবাড়ী সরকারি হাইস্কুল উড়িয়ে দেওয়া হবে

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ ও রাজবাড়ী সরকারি হাইস্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 07:19 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

হুমকির পর থেকে বিশ্ববিদ্যালয় ও স্কুলদুটির শিক্ষক--ছাত্র ও কর্মচারিদের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়ে। বিডিনিউজ কুষ্টিয়া প্রতিনিধি জানান, শুক্রবার রাত ৯ টায় প্রথমে উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলামের মোবাইল ফোনে বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। হুমকিদাতারা নিজেদের জেএমবি সদস্য বলে পরিচয় দেয়। হুমকিদাতারা জানায়, বিশ্ববিদ্যালয়ের দাওয়া বিভাগের শিক্ষকরা ইসলাম প্রতিষ্ঠায় বাঁধা দিচ্ছে। তাই ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদসহ প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়া হবে। এরপর ধর্মতত্ত্ব অনুষদের ডিন মোস্তফা কামাল ও আইন বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমানের কাছেও টেলিফোনে একই হুমকি দেওয়া হয়।

হুমকির প্রেক্ষিতে শনিবার সকাল থেকে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে মেটাল ডিটেক্টটর দিয়ে তল্লাশী চালিয়েও কোনও বোমা পাওয়া যায়নি।

অন্যদিকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার পাশাপাশি ক্যাম্পাসে ঢোকার সময় ছাত্র--ছাত্রীদের পরিচয় পত্র দেখা হচ্ছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম পাঁচ হলের প্রভোস্ট ও সকল অনুষদের ডিনদের নিয়ে জরুরী বৈঠক করেন। বৈঠকে ক্যাম্পাসে আরো বেশি পুলিশ মোতায়েনের পাশাপাশি প্রতিদিন মেটাল ডিটেক্টর দিয়ে প্রতিদিন সুইপিং করার সিদ্ধান্ত নেয়া হয়।

বিডিনিউজ হবিগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল ইসলামের কাছে পাঠানো এক চিঠিতে বোমা মেরে স্কুলটি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। চিঠিতে প্রেরকের জায়গায় ইংরেজিতে জেএমবি লেখা রয়েছে। এ সময়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলছিল। বোমার খবরে স্কুলে আতংক ছড়িয়ে পড়লে অনেক পরীক্ষার্থী পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে যায়। হুমকি পাওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ স্কুলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। দুপুরে জেলা প্রশাসক এম এম সুলতান মামুদসহ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা স্কুলটি পরির্দশন করেন।

বিডিনিউজ রাজবাড়ী প্রতিনিধি জানান, শনিবার সকালে রাজবাড়ী সরকারি হাইস্কুলে ছাত্ররা পরীক্ষা দিতে এসে স্কুলে বোমা হামলা সংক্রান্ত জেএমবির পাঠানো একটি চিঠি উদ্ধার করে। এ খবরে স্কুলে বোমাতংক ছড়িয়ে পড়ে। শিক্ষকরা স্কুল ছুটি দিয়ে দেন এবং বিষয়টি পুলিশ প্রশাসনকে জানান। পুলিশ স্কুল ভবনের ছাদ থেকে লায়লন জালে পেচানো একটি কাগজের মোড়ক উদ্ধার করে। তবে তাতে বোমার বদলে পাওয়া যায় খাবার রুটিসহ একটি প্যাকেট।

ঘটনার পর স্কুলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।