২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হামলাকারী রাজ্জাকের চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে পুলিশী অভিযান, আটক ১০

গাজীপুরে বৃহস্পতিবার বোমা হামলায় আহতাবস্থায় আটক জেএমবির আত্মঘাতী দলের সদস্য রাজ্জাকের চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুরের পিতা ও নানার বাড়িতে অভিযান চালিয়ে পরিবারের সদস্যসহ ১০ জনকে আটক করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

আটককৃতরা হচ্ছে, রাজ্জাকের বাবা আব্দুল খালেক, মা রোকেয়া বেগম, চাচা আব্দুল করিম, নানী সালেহা বেগম, মামী সায়েরা বেগম, প্রতিবেশি রেজাউল করিম, আব্দুল মতিন ও মাদ্রাসা শিক্ষক জামায়াত নেতা হাফেজ রফিকুল ইসলামের ভাই এক সময়ের জামায়াত কর্মী আব্দুল ওয়াহাবসহ আরো দুই প্রতিবেশি। অভিযানের সময় রাজ্জাকের নানা আহম্মদ আলী বিশ্বাস পালিয়ে যায়। পুলিশ রাজ্জাকের নানার বাড়ি থেকে আল রিয়াদ পত্রিকার দু’টি কপি এবং কয়েকটি ভিডিও সিডিসহ কিছু কাগজপত্র জব্দ করে।

পুলিশী অভিযানে জেলা প্রশাসক নূরুল ইসলাম এবং পুলিশ সুপার রেজাউল করিম উপস্থিত ছিলেন। পুলিশ সুপার রেজাউল করিম জানান, এদের জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে।

এলাকার বহু লোকজনের সাথে কথা বলে জানা গেছে, পৌর এলাকার হেফজুল উলুম কামিল মাদ্রাসার ছাত্র দাখিল পরীক্ষার্থী আব্দুর রাজ্জাক ইসলামী ছাত্র শিবিরের সমর্থক ছিল এবং সে শিবিরের কর্মকাণ্ডে অংশ নিত। সে নানার বাড়িতে থেকে লেখাপড়া করতো। রোজার মাসের ৯ তারিখ থেকে সে বাড়ির বাইরে রয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।

আটক আব্দুল ওয়াহাব সম্পর্কে জেলা জামায়াতের আমীর রফিকুল ইসলাম জানান, প্রায় দু’বছর আগে আব্দুল ওহাবকে দল থেকে বহিষ্কার করা হয়।

এদিকে, জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আলম হোসেন বলেন, গাজীপুরে আটক রাজ্জাক শিবির কর্মী নন এবং তাকে তিনি চেনেন না। রাজ্জাক শিবির সমর্থক কি--না, তাও জানা নেই। আর সকল সমর্থককে চেনা সম্ভবও নয়।