ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ১ জন নিহত, ম্যাজিস্ট্রেট, বিডিআর ও পুলিশসহ ৩ শতাধিক আহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃস্পতিবার তৃতীয় দিনের মতো ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে একজন নিহত এবং ম্যাজিস্ট্রেট, বিডিআর ও পুলিশসহ তিন শতাধিক লোক আহত হয়েছে।
পুলিশ ঘটনা ঘটনাস্থল থেকে কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৫২ জনকে গ্রেপ্তার করেছে। সংঘর্ষ ঠেকাতে পুলিশ ও বিডিআর গুলি বর্ষণ করে এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে বিডিআর ও পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষ্যদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে ক্রিকেট খেলা নিয়ে পূর্বশত্র“তার জের ধরে সরাইল ডিগ্রি কলেজের সামনে কালিকচ্ছ ও সরাইল ইউনিয়নের কয়েকটি গ্রামের সহস্রাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সৈয়দটুলা রাস্তায় মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়।
এতে ম্যাজিস্ট্রেট, বিডিআর ও পুলিশসহ তিন শতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষে চলাকালে পুলিশ ও বিডিআর’র গুলিতে আহতদের শাহ আলম, সুহেল, রোকেয়া, শাহজা আলী, রফিক, ফারুক, শফিক, ফরিদ, ইয়ার খান, আবদুল আালীমকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে শাহ আলমকে গুরুতর অবস্থায় ঢাকা আনার পথে সে মারা যায়।
সংঘর্ষের সময় উভয় ইউনিয়নই মাইকিং করে স্ব স্ব পক্ষে সংঘর্ষে অংশ নেয়ার আহ্বান জানায়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেড় শতাধিক পুলিশ ও আট প্লাটুন বিডিআর নিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে।
সংঘর্ষ থামাতে বিডিআর ৮৪ রাউন্ড গুলি, পুলিশ ৩৫ রাউন্ড গুলি, ৭৩ রাউন্ড রাবার বুলেট ও ৯ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। গ্রামবাসী ঘোষ পাড়ার ৬/৭টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে।
দীর্ঘ পাঁচ ঘন্টা চেষ্টা চালিয়ে পুলিশ--বিডিআর বিকেল ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষস্থল থেকে কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা আহমেদুর রহমানসহ ৫২ জনকে গ্রেপ্তার করেছে।
