২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী হরতালে জনজীবন অচল

সুপ্রিম আইনজীবী সমিতির (এসসিবিএ) আহ্বানে বৃহস্পতিবার সকাল--সন্ধ্যা হরতালে রাজধানীসহ সারা দেশে জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদে সমিতি এ হরতাল আহ্বান করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 05:37 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

চট্টগ্রাম ও গাজীপুরে আদালত প্রাঙ্গণে মঙ্গলবার জেএমবির আত্মঘাতী জঙ্গিদের বোমা হামলায় দুই আইনজীবী এবং এক পুলিশ সদস্যসহ দশজন নিহত হয়। এ ঘটনার পর জঙ্গি হামলা মোকাবেলায় সরকারের ব্যর্থতা নিয়ে দেশব্যাপী প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে।

সংসদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট, পেশাজীবী সংগঠন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) এসসিবিএ’র হরতালে একাত্মতা ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতাল চলাকালে স্কুল--কলেজ, আদালত, বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এসময় নগরীর রাস্তায় বাস, ট্রাক ও প্রাইভেট কার চলাচল করতে দেখা যায়নি। তবে ভিআইপি রোডসহ বিভিন্ন সড়কে প্রচুর রিকশা চলাচল করতে দেখা যায়।

নগরীর পুরানা পল্টন, রাসেল স্কয়ার ও গুলিস্তানে আওয়ামী লীগ সমর্থকদের ওপর পুলিশের হামলায় মীর্জা আজম এমপিসহ বেশ কয়েকজন আহত হয়।

তবে বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ানি।

হাজার হাজার দাঙ্গা পুলিশ ও বিডিআর সদস্য নগরীর রাস্তা এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাসমূহ পাহারার দায়িত্বে নিয়োজিত ছিল।

অন্যদিকে গাজীপুরে নতুন করে বোমা হামলা এবং রাসেল স্কয়ারে জেএমবি সন্দেহে এক মহিলাকে আটকের পর রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন স্থানে রাস্তায় অবস্থান নেয়।

সকাল থেকেই সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিরোধী দলের সমর্থকরা সরকারবিরোধী স্লোগানসহ মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করতে থাকে।

মুক্তাঙ্গনে আয়োজিত বিশাল সমাবেশে আইনজীবী ও ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ হরতালের প্রতি একাত্মতা ঘোষণা করে। 

এসসিবিএ সভাপতি মাহবুবে আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর এমপি, এসএএসপি’র আহ্বায়ক ব্যারিস্টার এম আমির--উল--ইসলাম, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভেঅকেট আব্দুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট ওযায়ের ফারুক, অ্যাডভোকেট শাহারা খাতুন, সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, এসসিবিএ’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এনায়েতুর রহিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক জাফর সাজ্জাদ, বিএফইউজে’র সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক শফিকুল কবির, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ড. কামরুল হাসান খান, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও কৃষিবিদ সায়দুর রহমান সালিম।

সমাবেশে জঙ্গিদের পৃষ্ঠপোষকতার জন্যে বক্তারা সরকারকে দায়ি করেন।

ব্যরিস্টার আমির--উল--ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া নিজেই সব সমস্যার মূল। খালেদা জিয়ার সরকারই জঙ্গি ও সন্ত্রাসবাদকে রক্ষা করতে চায়। সন্ত্রাসীদের আটক করেও সরকার ছেড়ে দিচ্ছে। জনগণের নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জঙ্গিবাদ মোকাবেলাসহ সরকার দেশ চালাতে সকল ক্ষেত্রে ব্যর্থ, এ অভিযোগ এনে তারা সরকারের পদত্যাগ দাবি করেন।

অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, সরকার ‘ক্রসফায়ারে’র নামে বাম সংগঠনের নেতৃবৃন্দসহ মানুষ হত্যা করছে। অন্যদিকে তারা জঙ্গিদের আটক করেও ছেড়ে দিচ্ছে।তিনি বলেন, ব্যর্থ এ সরকারেরর পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলে সকল সমস্যার সমাধান সম্ভব।