আতংক থাকলেও টেংরাটিলাবাসী চায় গ্যাস উৎপাদন শুরু হোক
খননকালে দু’দফা দুর্ঘটনায় সৃষ্ট অঙ্গিকাণ্ডে প্রায় বছরব্যাপী আতংকে কাটানোর দিন শেষ হলেও শংকা পুরো কাটেনি ছাতকের টেংরাটিলার আশপাশের মানুষের। তবে তারা চান, উৎপাদন শুরু হোক গ্যাস ক্ষেত্র থেকে।
দিন মজুর আর নিম্নবিত্তরা ক্ষতিপুরণ পেয়ে নাইকোকে ভালো চোখে দেখলেও নানা ক্ষোভ জমে আছে কিছু না পাওয়া মধ্যস্বত্ত্ব ভোগীদের মাঝে। টেংরাটিলা পরিদর্শন কালে স্থানীয় মানুষদের সাথে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে।
দুর্ঘটনাকবলিত টেংরাটিলা গ্যাস ক্ষেত্র ঘুরে দেখা যায়, পুরো এলাকায় নতুন করে উন্নয়নের কাজ চলছে। ইতোমধ্যে মাটি সমান করার কাজ শেষ পর্যায়ে। আগামী সপ্তাহ থেকে দুর্ঘটনাকবলিত দু’টি রিগ এবং অন্যান্য সামগ্রী সরিয়ে নেয়ার কাজে হাত দেওয়া হবে বলে জানালেন নাইকোর স্থানীয় কর্মকর্তারা।
আস্ট্রেলিয়ান কোম্পানি সেঞ্চুরির রিগটিও সরিয়ে নেয়ার আয়োজন চলছে। এই ফিল্ডের উন্নয়নে অনুমতি না পাওয়ায় রিগটি বসিয়ে রাখার কারণে নাইকোকে প্রতিদিন ভাড়া গুণতে হচ্ছে ৫০,০০০ মার্কিন ডলার।
নাইকোর কান্ট্রি ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট রায়ান অ্যাডলফ জানালেন, দু’ চার দিনের মধ্যে অনুমতি পেলে তারা উন্নয়ন কাজে এই রিগই ব্যবহার করতে পারবেন। আর সে ক্ষেত্রে আগামী জানুয়ারি থেকে কমপক্ষে ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন গ্রিডে সরবরাহ শুরু করতে পারবে তারা। এর আয়োজন হিসাবে পাইপলাইন নির্মাণকাজ শেষ হয়েছে। চলছে প্রসেস প্লান্ট স্থাপনের কাজ।
অক্টোবর মাসে সফল রিলিফ কূপ খননের আগে পর্যন্ত পুরো এলাকায় হয়ে ছিল অঙ্গিকুণ্ড। কিন্তু এক মাসের ব্যবধানে পরিস্থিতি পুরো পাল্টে গেছে। এখনও কয়েকটি স্থানে গ্যাস বেরুচ্ছে বুদ বুদ আকারে। আগুন জ্বলছে তিনটি স্থানে। এর উচ্চতা কোনোভাবেই দুই ফুটের বেশি নয়।
নাইকোর সেফটি সুপারভাইজার গ্রান্ড কেল জানালেন, এই ফিল্ড থেকে উৎপাদন শুরু হলে বন্ধ হয়ে যাবে গ্যাসের বুদ বুদ, নিভে যাবে আগুন।
তিনি জানান, মাটির ৪৬০ মিটার গভীরতায় দুর্ঘটনাকবলিত কূপটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু দু’ বারের দুর্ঘটনার কারণে পুরো মাটির স্তর ভঙ্গুর হয়ে যাওয়ায় গ্যাস সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ে। মাটির বিভিন্ন ¯তরে যে গ্যাস জমে ছিল, তাই এখন বের হচ্ছে বুদ বুদ আকারে। তাতেই জ্বলে আছে আগুন।
টেংরাটিলা নামে পরিচিত এই ছাতক গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান কূপ খননকালে নাইকো প্রথম দুর্ঘটনার মুখে পড়ে গত জানুয়ারি মাসে। ঘটনার আকস্মিকতায় নাইকোর খনন কর্মীরা সরে আসে। এলাকা জনশূন্য হয়ে পড়ে। স্থানীয় টেংরাটিলা বাজারের বেচাকেনা বন্ধ হয়ে যায়।
রিলিফ কূপ খনন করে আগুন নেভানোর উদ্যোগ নিতে কেটে যায় বেশ কিছু সময়। জুন মাসে রিলিফ কূপ খননের শেষ পর্যায়ে ঘটে আর একটি দুর্ঘটনা। পুরো দেশ জুড়ে অভিযোগ ওঠে এ সবের জন্যে দায়ি নাইকোর অনভিজ্ঞতা আর উদাসীনতা।
এবার আশপাশের মানুষ আতংকিত হয়ে পড়ে। একশ পরিবারকে স্থায়ীভাবে সরিয়ে নেয়া হয় অন্যত্র। নাইকো তাদের মাসে মাসে ক্ষতিপূরণ বাবদ দিয়ে আসছে ১০,০০০ টাকা করে। আর স্থানীয় টেংরাটিলা বাজারের ৯০ জন ব্যবসায়িকে সরিয়ে নেয়া হয়। তাদেরও মাসে মাসে ব্যবসার ধরন ভেদে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হচ্ছে ৫,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত। এ প্রক্রিয়ায় স্থানীয় জনগণের ক্ষয়-ক্ষতি বাবদ নাইকো সরকারকে দিয়েছে ২ কোটি ৫০ লাখ টাকার মতো।
অবশেষে গত অক্টোবর মাসে সফল রিলিফ কূপ খনন করে আগুন বন্ধ করতে সক্ষম হয়েছে নাইকো। কিন্তু এখনও ফিরে আসেনি বাড়ি ও দোকান পাট ছেড়ে যাওয়া মানুষ। নাইকোর দেওয়া তথ্য এবং সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, চলতি সপ্তাহ পর্যন্ত ১০ শতাংশ পরিবার ফিরে এসেছে। যদিও নিরাপত্তার বিচারে এখন আর তাদের ফিরে আসতে বাধা নেই।
স্থানীয় চা দোকানী আবদুল কাদের জানালেন, এখন পর্যন্ত তিনি ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন ৪১,০০০ টাকা। আর দোকান বন্ধ থাকার জন্যে তিনি পাচ্ছেন মাসে ৫,০০০ টাকা করে। দোকান খুলছেন না কেন, এর জবাবে তিনি বললেন, নাইকো বলেছে, দোকান খোলা যাবে, সেখানে কোনও গ্যাস নেই। কিন্তু বাজারের অন্য লোকেরা বলছে চুলা জ্বালানো ঠিক হবে না। তাই দোকান বন্ধ।
অন্য ব্যবসার ক্ষেত্রেও একই অবস্থা। অবশ্য স্থানীয় দোকানগুলো বন্ধ থাকলেও বাজারের রাস্তায় অস্থায়ী দোকান চলছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একজন যুবক বললেন, সারা মাস দোকান করে যে টাকা পাওয়া যায়, এখন নাইকোর কাছ থেকে তার চেয়ে বেশি পাচ্ছি। দোকান করার দরকার কি?
অন্যদিকে ১০০ পরিবারকে নাইকোর সেফটি বিভাগ চূড়ান্ত পরীক্ষা শেষে জানিয়ে দিয়েছে, তাদের বাড়ি এখন নিরাপদ। কিন্তু ফিরে এসেছে মাত্র ৭/৮টি পরিবার। নাইকো জানাতে যাচ্ছে, বাড়ি ফিরে আসার পরও আরো কয়েক মাস তাদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে।
ধারণা করা হচ্ছে, চলতি মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। মানুষ ফিরে আসবে আসবে ঘরে। দোকানীরা আবার চালু করবে বিকিকিনি।
কিন্তু স্থানীয় স্কুলের আজিমুদ্দিন বললেন, এখনও অনেক জায়গায় গ্যাসের অস্তিত্ব আছে। আর ক্ষতিপুরণ কিন্তু নাইকো ঠিকভাবে দেয়নি। যেমন ধরুন, এ দুর্ঘটনার পর এলাকার পানির স্তর নেমে যাওয়ার কারণে পানীয় জলের সমস্যা হচ্ছে। নাইকো নতুন নলকূপ বসালেও তা পর্যপ্ত নয়।
এরপরও তিনি মনে করেন, এখানকার গ্যাস উৎপাদন শুরু হওয়া উচিত। তাতে এলাকার আর্থিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে।
একই কথা বললেন, স্থানীয় উপজেলা যুবদল নেতা কাজী মনিরুজ্জামান। তার মতে, নাইকো গ্যাস উৎপাদন শুরু করলে কমিউনিটির জন্যে কাজ করবে। আর তাদের উৎপাদনের অনুমতি না দেওয়া হলে আমাদের জন্যেই লোকসান।
