২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যাপ্ত বুলেটপ্র“ফ জ্যাকেট ও মেটাল ডিটেক্টর নেই রাজশাহী অঞ্চলে: আতঙ্কে পুলিশ

দেশের বিরাজমান পরিস্থিতিতে পুলিশের দায়িত্ব বেড়েছে। কিন্তু বিশেষ দায়িত্বে নিয়োজিত পুলিশদেরও সরবরাহ করা যাচ্ছে না পর্যাপ্ত বুলেটপ্র“ফ জ্যাকেট ও মেটাল ডিটেক্টর। ফলে চরম আতঙ্কের মধ্যে আছে সাধারণ পুলিশ সদস্যরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 03:58 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

এদিকে আত্মঘাতী বোমাহামলাকারী চিহ্নিতকরণের প্রশিক্ষণ না থাকায়ও বিপদে পড়েছে পুলিশ।

সূত্র মতে, রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশের হাতে যে পরিমাণ মেটাল ডিটেক্টর রয়েছে, তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

পুলিশ সূত্র জানায়, রাজশাহী মহানগরীতে চারটি মেটাল ডিটেক্টর রয়েছে পুলিশের হাতে। এখানকার ১৭টি চেকপোস্টের প্রতিটিতেই মেটাল ডিটেক্টর দেওয়া প্রয়োজন। কিন্তু তা কম থাকায় অধিকাংশ চেকপোস্টে তল্লাশি চলছে মেটাল ডিটেক্টর ছাড়াই। রাজশাহী জেলা পুলিশের অধীনে থানা রয়েছে আটটি। অথচ তাদের হাতে মেটাল ডিটেক্টর রয়েছে মাত্র দু’টি।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাত্র চারটি মেটাল ডিটেক্টর রয়েছে পুলিশের হাতে। এখানে স্থায়ী কোনও চেকপোস্টও নেই। তবে চট্টগ্রাম ও গাজীপুরে বোমা হামলার পর থেকে শহরে এখন ১৪টি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে।

একই চিত্র নাটোর ও নওগাঁরও। নাটোর শহরে অস্থায়ী চেকপোস্ট রয়েছে ১১টি। কিন্তু মেটাল ডিটেক্টর সেখানেও মাত্র চারটি। ফলে নাটোরে সাতটি চেকপোস্ট চলছে মেটাল ডিটেক্টর ছাড়াই। নওগাঁ শহরেও পুলিশ মাত্র চারটি মেটাল ডিটেক্টর ব্যবহার করছে। অথচ সেখানে অস্থায়ী চেকপোস্ট রয়েছে নয়টি। অর্থাৎ পাঁচটি চেকপোস্টই চলছে মেটাল ডিটেক্টর ছাড়া। এছাড়া এ অঞ্চলের চেকপোস্টগুলোর জন্যে পর্যাপ্ত বুলেটপ্র“ফ জ্যাকেটও নেই। সূত্র আরো জানায়, এ চার জেলায় পুলিশের লোকবলও পর্যাপ্ত নয়। এতসব সীমাবদ্ধতা নিয়ে জঙ্গিদের মোকাবেলায় কতোখানি প্রস্তুত-- এ প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, এসব বিষয়ে আমাদের কথা বলা নিষেধ। তবে এটুকু বলতে পারি, পুলিশও নিরাপদ নয়। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ উপরকণ নেই, যা দিয়ে আমরা আত্মঘাতী বোমাবাজদের ঠেকাতে পারি। এদিকে মহানগর পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমাদের এ সমস্যার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

তারা আগামী কয়েকদিনের মধ্যে আমাদের এ চাহিদা পূরণে আশ্বাস দিয়েছেন।