ঝালকাঠিতে বোমা হামলা মামলার চার্জশিট দাখিল
ঝালকাঠিতে ১৪ নভেম্বর বোমা হামলায় দু’জন বিচারক হত্যার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় বুধবার চার্জশিট দাখিল করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আলী বুধবার আদালতে চার্জশিট দাখিল করলেও বৃহস্পতিবার তা প্রকাশ করা হয়।
১৪ নভেম্বর বোমা হামলার পর বিধ্বস্ত গাড়ির চালক সুলতান আহমেদ বাদী হয়ে দু’টি মামলা দায়ের করেন। এর মধ্যে বিস্ফোরক আইনে দায়ের করা এ মামলায় পুলিশ বাংলা ভাই ও শায়খ আবদুর রহমানসহ ছয় জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
চার্জশিটে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সুইসাইড স্কোয়াডের সদস্য ও বোমা হামলকারী ইফতেখার হাসান আল মামুন ওরফে মামুন সিহাবকে (২৫) প্রধান আসামি করা হয়েছে।
অন্য অভিযুক্তরা হচ্ছে, বগুড়ার সিদ্দিকুল ইসলাম প্রামাণিক ওরফে আজিজুল ইসলাম ওরফে ওমর আলী ওরফে লিটু ওরফে বাংলা ভাই, জামালপুরের শায়খ আবদুর রহমান ইবনে আবদুল্লাহ ওরফে শায়খ আবদুর রহমান, তার ভাই আতাউর রহমান সানি, নাটোর জেলার সিংড়া থানার কালিগঞ্জ বাজারের বাসিন্দা ও শায়খ আবদুর রহমানের জামাতা আবদুল আউয়াল ওরফে আরাফাত (২৯) এবং ঝালকাঠির কৃষ্ণকাঠি গ্রামের সুলতান (৪৫)।
এছাড়া চার্জশিটে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
চার্জশিটভুক্ত ছয়জনের মধ্যে মামুন, সুলতান ও আউয়াল আটক রয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. আবু তালেব মোল্লা জানান, এ মামলাটি দ্রুত আইনে বিচারের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে। তাছাড়া হত্যা মামলা হিসেবে দায়েরকৃত অপর মামলায়ও শিগগিরই চার্জশিট দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
