২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ী বছরে খুলনা বিভাগে ৪ শতাধিক খুন

বিদায়ী বছর ২০০৫-এ খুলনা বিভাগের ১০ জেলায় হত্যার শিকার হয়েছে চার শতাধিক মানুষ। খুনের তালিকায় রয়েছে জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিক, পুলিশ, ব্যবসায়ী, শিক্ষক, কৃষকসহ বিভিন্ন শ্রেণী--পেশার মানুষ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 04:01 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

এ সমস্ত হত্যাকাণ্ডের অধিকাংশ মামলার তদন্ত চলছে মন্থর গতিতে। আতংকের মধ্যে রয়েছে বাদীপক্ষ। ২০০৪ সালে খুলনা বিভাগে সাড়ে আট শতাধিক ব্যক্তি খুন হয়। পুলিশ ও বিভিন্ন গণমাধ্যমের সূত্রে এ খবর জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৫ সালে খুনের তালিকায় শীর্ষে রয়েছে যশোর জেলা। এই জেলায় খুন হয় ৯৪জন। এছাড়া খুলনায় ৬৪, বাগেরহাটে ২৪, সাতক্ষীরায় ৩২, মাগুরায় ১২, চুয়াডাঙ্গায় ৩০, মেহেরপুরে ২১, ঝিনাইদহে ৪৫ এবং কুষ্টিয়ায় ৬৫জন খুন হয়।

২০০৫ সালে উল্লেখযোগ্য হত্যাকাণ্ডগুলোর মধ্যে ৫ ফেব্র“য়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে বোমা হামলায় গুও“তর আহত হয়ে ১১ ফেব্র“য়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিন। এ তালিকায় আরো রয়েছেন-- জেলার তেরখাদা উপজেলা আওয়ামী লীগ নেতা ইদ্রিস শিকদার, বিএনপি নেতা ও স্কুল শিক্ষক মুনজির আহমেদ, ইউপি সদস্য শাহাদাৎ হোসেন সরদার, খুলনা মহানগরী দৌলতপুরের বিএনপি নেতা মিজানুর রহমান বাবলু, একই এলাকার যুবদল নেতা ওমর ফারুক।

যশোর জেলায় উল্লেখযোগ্য হত্যাকাণ্ডগুলোর মধ্যে ১০ জুলাই দেয়াপাড়ায় শংকর কুমার সাহা ও তার স্ত্রী লক্ষী রানী সাহা দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হয়। ১২ জুলাই বেনাপোলে চোরাচালানীদের গুলিতে নিহত হয় বিডিআর সদস্য পিয়ার মোহাম্মদ (৪২)। ১৬ জানুয়ারি কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসীদের হাতে জাবাই হয় জামাই--শ্বশুর। গত ঈদুল ফিতরের ছুটির তিন দিনে এ অঞ্চলে খুন হয় ছয়জন। ৮ ফ্রেব্র“য়ারি ঝিনাইদহের শৈলকুপায় মাত্র ৩০ টাকার জন্যে পাওনাদারকে খুন করা হয়। ৫ মার্চ খুন করা গ্রাম পুলিশ দুলাল দাসকে। ৫ এপ্রিল যশোরে যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন বাবুকে (২৬) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ৮ এপ্রিল যশোরে ঔষধ কোম্পানির প্রতিনিধি লিংকন (৩৪) খুন হয়। ৩ মে চুয়াডাঙার ইসহাক আলী নামে এক পুলিশ কনস্টেবলকে জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। ১ জুন যশোর, খুলনা, কুষ্টিয়ার সাবেক ইউপি সদস্যসহ খুন হয় চারজন। ৭ জুন চুয়াডাঙায় বিএনপি নেতা মাহবুবকে খুন করে সন্ত্রাসীরা। ১৯ জুন চৌগাছার মসজিদের ইমামকে হত্যা করা হয়। ২২ জুন চুয়াডাঙায় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান নূর আলী খুন হয় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে। ৮ জুলাই যশোরের দেয়ারায় আ’লীগ নেতা জুয়েলকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। ১৩ সেপ্টেম্বর ঝিনাইদহের কালিগঞ্জের বারোবাজারে সন্ত্রাসীদের হাতে আ’লীগ নেতা সিরাজুল ইসলাম দুখু খুন হন নির্মমভাবে। ১৫ সেপ্টেম্বর ঝিনাইদহের কোটচাঁদপুরে চারজনকে কুপিয়ে হত্যা করা হয়। ৮ অক্টোবর কুষ্টিয়ায় ভেড়ামারায় প্রেম করে বিয়ে করায় নিজের মেয়েকে পিটিয়ে মেরে ফেলে বাবা।

১৯ অক্টোবর ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি আজিজুর রহমান মণ্ডলকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে পালিয়ে যায়। ২৪ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক ঘটনায় পিতার হাতে পুত্র এবং সন্ত্রাসীদের হাতে এক বৃদ্ধ খুন হয়।

গত ৭ নভেম্বর ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বেড়বিন্নি বাজারের রোজদার আলীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে চরমপন্থিরা। ২১ নভেম্বর খুলনা জেলার কপিলমুনীতে ব্যবসায়ী পলাশকে কুপিয়ে হত্যা হয়। একই দিনে ঝিনাইদহের মাগুরখালী গ্রামে স্বামীর হাতে স্ত্রী আক্তার বানু নার্গিস ও কুষ্টিয়ার পাঁচ চরমপন্থি নিহত হয়। ২৮ নভেম্বর সাতক্ষীরার শ্যামনগরে ভিটাবাড়ি দখলকে কেন্দ্র করে ভূমিহীন সালাম মোড়লকে হত্যা, ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গার জীবননগরে ঠাণ্ডু ও আবুল কালামকে গুলি করে হত্যা করা হয়। ৮ ডিসেম্বর মেহেরপুরে বোমা হামলায় বিএনপি নেতা ও স্বর্ণব্যবসায়ী সুনীল কুমার মাঈলকে হত্যা করে সন্ত্রাসীরা। ২৮ ডিসেম্বর কুষ্টিয়ার দৌলপুরে আখ চাষীদের ওপর পুলিশের হামলায় স্কুল ছাত্র রতন, কৃষক আজম ও মিজানুর রহমান নিহত হয়। ২২ ডিসেম্বর চরমপন্থিরা মেহেরপুর জেলার গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে বিএনপি নেতা স্বপন ও মোমিনকে জবাই করে হত্যা করে।

অধিকাংশ হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে পত্রিকা অফিসে ফোন ও ফ্যাক্স পাঠায় চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল--জনযুদ্ধ)।